বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রের চুক্তি স্বাক্ষর ২৩ এপ্রিল
ঢাকার পুরনো বিমান বন্দরে নির্মিতব্য ‘বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র’-এর নকশা ও কর্মপরিকল্পনা চূড়ান্ত করার জন্য চীনা প্রতিনিধিদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করবে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। আগামী ২৩ এপ্রিল এ চুক্তি স্বাক্ষর করা হবে।
বিষয়টি চূড়ান্ত করার জন্য বেইজিং ইনস্টিটিউট অব আর্কিটেকচারাল ডিজাইনের পরিচালক লিউ জেনগোর নেতৃত্বে আট সদস্যের একটি চীনা প্রতিনিধিদল বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। গত ৮ এপ্রিল তারা ঢাকায় আসেন।
ইপিবি পরিচালক গোলাম মহিউদ্দিন বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চীনা প্রতিনিধি দল ২৪ এপ্রিল ঢাকা ত্যাগ করবেন। তার আগেই এ চুক্তি হবে।
তিনি জানান, চীন সরকার প্রদর্শনী কেন্দ্র নির্মাণের জন্য প্রাথমিকভাবে ৩ কোটি ডলার দিতে রাজি হয়েছে। তবে এলাকার জলাশয় ভরাট করার জন্য আরো ৮ থেকে ১২ কোটি টাকার প্রয়োজন হবে।
ইপিবি সূত্র জানায়, ঢাকার শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের বিপরীত দিকে এই প্রদর্শনীকেন্দ্র নির্মাণের জন্য সরকার ৩৯ দশমিক ৪৫ একর জমি বরাদ্দ করেছে। ওই জমিতে প্রথম পর্যায়ে ৩ লাখ ৪০ হাজার বর্গফুটের দুটি প্রদর্শনী হলসহ বিভিন্ন সুযোগ-সুবিধা সম্বলিত মূল কমপ্লেক্স নির্মাণ করা হবে।
২০০৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া চীন সরকারের সঙ্গে এ ব্যাপারে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। বাণিজ্য মেলার জন্য একটি স্থায়ী অবকাঠামোর প্রয়োজনীয়তা থেকেই এই কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এ প্রদর্শনী কেন্দ্রে বাণিজ্য মেলার পাশাপাশি সারা বছরই বিভিন্ন পণ্য প্রদর্শনের ব্যবস্থা থাকবে।
