২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া এনার্জির সঙ্গে চুক্তিতে দেশের স্বার্থ রক্ষা হয়নি: তপন চৌধুরী

ফুলবাড়ির কয়লা উত্তোলনের জন্য ব্রিটিশ প্রতিষ্ঠান এশিয়া এনার্জির সঙ্গে সরকার যে চুক্তিটি করেছিল তাতে দেশের স্বার্থ পুরোপুরি সংরক্ষিত হয়নি বলে মন্তব্য করেছেন জ্বালানী ও খনিজ সম্পদ উপদেষ্টা তপন চৌধুরী। তিনি বলেছেন, এটি আন্তর্জাতিক চুক্তি বলে একে বাতিল করা সহজ হবে না। তবে সরকার সবদিক বিবেচনা করে দেখছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2007, 05:26 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

উপদেষ্টা বুধবার সচিবালয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, “সরকার এশিয়া এনার্জি ও দিনাজপুরের ফুলবাড়িতে স্থানীয় জনগণের সঙ্গে আলাদা দুটো চুক্তি করেছিল। দুটো চুক্তিই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এশিয়া এনার্জির সঙ্গে সরকার যে চুক্তি করেছে তাতে দেশের স্বার্থ পুরোপুরি সংরক্ষিত হয়নি। সরকার এখন বিষয়টি বিবেচনা করে দেখছে।”

সরকার এ চুক্তি বাতিলের কোনো পদক্ষেপ নেবে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, “এটি একটি আন্তর্জাতিক চুক্তি। তাই বাতিল করা সহজ হবে না। তবে সরকার সব দিক বিবেচনা করে দেখছে।”

তপন চৌধুরী বলেন, একটি কয়লা নীতি চূড়ান্ত করার জন্য মে মাসের মাঝামাঝি সময়ে বিশেষজ্ঞদের নিয়ে একটি সেমিনারের আয়োজন করবে সরকার। সেখানেই এ ব্যাপারে একটি সুপারিশমালা প্রণয়ন করা হবে।

তিনি বলেন, কোনো বিশেষ প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার জন্য কয়লা নীতি করা হবে না। সবার কাছে গ্রহণযোগ্য একটি নীতিমালা তৈরিই হবে এ সরকারের লক্ষ্য।

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাসক্ষেত্রের তিন নম্বর কূপের আগুন নেভানোর জন্য সরকারের নেওয়া পদক্ষেপের উল্লেখ করে উপদেষ্টা বলেন,“আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। দু’একদিনের মধ্যে কানাডা থেকে বিশেষজ্ঞ দল আসছে। তারা কাজ শুরু করলেই পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।”

তপন চৌধুরী জানান, বর্তমানে তিতাস গ্যাস ক্ষেত্র থেকে প্রতিদিন ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। এর আগে দেওয়া হতো ১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস।