২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের বাজারে কমেছে বাংলাদেশী ট্রাউজারের দাম

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের সবচেয়ে চাহিদা সম্পন্ন গার্মেন্টস পণ্য ট্রাউজারের দাম ক্রমাগত কমছে। সম্প্রতি সরকারি এক সমীক্ষায় এ তথ্য জানা গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2007, 08:49 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

সমীক্ষায় দেখা যায়, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বাজারে কাঁচামাল ও শ্রমের দাম বাড়ার বিপরীতে গত এক দশকে বাংলাদেশী ট্রাউজারের দর পতন হয়েছে। ১৯৯৬ সালের তুলনায় ২০০৬ সালে এই পণ্যের রপ্তানি মূল্য কমেছে প্রায় ১৪ শতাংশ।

বাংলাদেশ থেকে ২০০৬ সালে যুক্তরাষ্ট্র ৫২ কোটি ৪৩ লাখ ডলারের ট্রাউজার কিনেছে। প্রতি জোড়া ট্রাউজারের ক্রয় মূল্য ছিল গড়ে চার দশমিক ৫১ ডলার। সমীক্ষা অনুযায়ী ১৯৯৬ সালে একই পণ্যের দাম ছিল পাঁচ দশমিক ২৪ ডলার।

বিজিএমইএ সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী রোববার বলেন, “এটা হওয়ার কারণ ক্রমাগত প্রতিযোগিতা। প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে গিয়ে বাংলাদেশের গার্মেন্টস পণ্যের দাম ক্রমাগত কমছে।”

একক রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের গার্মেন্টস পণ্যের সবচেয়ে বড় ক্রেতা। বাণিজ্য মন্ত্রণালয়ের সমীক্ষা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের গার্মেন্টস পণ্যের তিন দশমিক আট ভাগ স্থান দখল করে আছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য কমিশনের (ইউএসআইটিসি) চাহিদা অনুযায়ী প্রতিবেদন পাঠিয়েছে বাংলাদেশ। ইউএসআইটিসি যুক্তরাষ্ট্রের স্থানীয় বাজারে বিভিন্ন দেশের গার্মেন্টস পণ্যের প্রভাব নির্ণয়ের জন্য ওই দেশগুলোর কাছে প্রতিবেদন চেয়েছিল।

কর্মকর্তা জানান, সেই অনুযায়ী গত ৪ এপ্রিল বাংলাদেশ যুক্তরাষ্ট্রে প্রতিবেদন পাঠিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় মনে করে এই প্রতিবেদন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশী পোশাকের শুল্কমুক্ত প্রবেশের সুযোগ তৈরি করবে।

যুক্তরাষ্ট্র ২০০০ সালে ৩ কোটি ১৩ লাখ ৮৩ হাজার জোড়া ট্রাউজার উৎপাদন করে। সেটি ছিল তার অভ্যন্তরীণ চাহিদার ৩৪ শতাংশ। ২০০৫ সালে সেটা কমে গিয়ে দাঁড়ায় এক কোটি ৪৭ লাখ ৬৩ হাজার জোড়ায়। যা অভ্যন্তরীণ চাহিদার মাত্র ১৭ দশমিক এক শতাংশ।

বাংলাদেশ সরকারের এই সমীক্ষা তৈরিতে জড়িত বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মানসম্মত ও কম দামি গার্মেন্টস পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করেছে।

বিজিএমইএ সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী বলেন, ২০০৭-২০০৮ অর্থবছরে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন চীনের কিছু পণ্যের শুল্কবাধা তুলে নিলে বাংলাদেশী পণ্যের দাম আরো কমতে পারে।

বাংলাদেশের প্রধান রপ্তানিজাত গার্মেন্টস পণ্য হল শার্ট, ট্রাউজার, জ্যাকেট, টি-শার্ট ও সোয়েটার। ২০০৬ সালে বাংলাদেশ ৮৯৩ কোটি ৩৫ লাখ ১০ হাজার ডলারের গার্মেন্টস পণ্য রপ্তানি করে।

রপ্তানি করা পণ্যের মধ্যে ৪৫৪ কোটি ৪৭ লাখ ৯০ হাজার ডলারের ওভেন পণ্য এবং ৪৩৮ কোটি ৮৭ লাখ ২০ হাজার ডলারের নিটওয়্যার সামগ্রী ছিল। এ সময় ট্রাউজার রপ্তানি হয় ২১৬ কোটি ৫২ লাখ ৫০হাজার কোটি ডলারের।