বাজারে সয়াবিন তেলের সঙ্কট
বাজারে সয়াবিন তেলের তীব্র সঙ্কট সৃষ্টি হয়েছে। দামও বাড়ছে হু হু করে। খুচরা বাজারে শুক্রবার আরেক দফা বেড়েছে সয়াবিনের দাম।
গত এক মাস ধরে বাজারে সয়াবিনের সঙ্কট চলেছে। প্যাকেট ও বোতলজাত তেলের পরিচিত ব্রান্ডগুলো পাওয়া যাচ্ছে না। আমদানি সঙ্কটের কারণেই তেলের দাম বাড়ছে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় আমদানি কমে গেছে। আমদানিকারকরা তেলের দাম কমার অপেক্ষা করছেন।
রাজধানীর বাজার ঘুরে দেখা যায়, খোলা সয়াবিন তেল একদিনে কেজি প্রতি দুই টাকা বেড়ে শুক্রবার ৭৬ টাকায় বিক্রি হচ্ছে। প্যাকেটজাত সয়াবিন তেল যা পাওয়া যাচ্ছে, তার দামও একদিনে তিন টাকা বেড়েছে।
খুচরা ও পাইকারি বিক্রেতারা জানান, সরবরাহ কম থাকায় সঙ্কট কাটছে না। কারওয়ান বাজারের খুচরা বিক্রেতা রহিম বক্স জানান, প্রচলিত প্যাকেটজাত তেলের পাশাপাশি খোলা তেলের সরবরাহও অত্যন্ত কম।
তীর, রূপচাঁদা, ফ্রেশ ও পুষ্টির প্যাকেট বা বোতলজাত তেল বাজারে মিলছে না। রাজধানীর মৌলভীবাজারের পাইকারি তেল বিক্রেতারা জানান, আমদানি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সঙ্কট কাটবে না।
খুচরা বিক্রেতারা শুক্রবার জানান, সিটি গ্রুপের তীর ৯০০ মিলি লিটারের বোতল ৭১ টাকায়, বাংলাদেশ এডিবল ওয়েল কোম্পানির রূপচাঁদা ৭৩ টাকায় এবং টি কে গ্রুপের ১ লিটারের পুষ্টি ৭০ টাকায় কিনছেন তারা। এছাড়া মেঘনা গ্রুপের ফ্রেশ সয়াবিন তেলের দাম বৃহস্পতিবার সকাল থেকে বেড়েছে।
সয়াবিনের পাশাপাশি পাম তেলের দামও। খোলা পাম সুপার বুধবার থেকে লিটার প্রতি ৬২ টাকা থেকে বেড়ে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, সয়াবিনের সঙ্গে তালমিলিয়ে পাম তেলের দামও আরও বাড়বে।
খুচরা বাজারের তেল বিক্রেতারা জানান, গত ৮ এপ্রিল থেকে ছয় দিনে দুই দফায় সয়াবিন ও পাম তেলের দাম লিটার প্রতি ছয় টাকা বেড়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক তেল কোম্পানির কর্মকর্তা জানান, গত ১৮ মার্চ থেকে বড় বড় সব প্রতিষ্ঠানগুলো সয়াবিন তেল আমদানি করেনি। এপ্রিলের শুরুতে পুনরায় আমদানি শুরু করে। কিন্তু আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় আমদানির পরিমাণ কম।
শীর্ষস্থানীয় আমদানিকারক প্রতিষ্ঠান টি কে গ্রুপের পরিচালক তারিক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আন্তর্জাতিক বাজারে গত তিন সপ্তাহে সয়াবিন তেলের দাম প্রতি টনে ৮০ ডলার বেড়েছে। ফলে আমদানিকারকরা অপেক্ষা করছেন, দাম কিছুটা কমলে বড় পরিমাণে আমদানি করবেন তারা।
সিটি গ্রুপের মৌলভীবাজারের আঞ্চলিক কর্মকর্তা আব্দুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় আমদানি কম। ফলে সরবরাহ স্বাভাবিক হচ্ছে না।
বাজার সূত্রে জানা যায়, প্রতি মাসে সারা দেশে ভোজ্য তেলের গড় চাহিদা ১ লাখ টন এবং এর মধ্যে ৯০ শতাংশই পূরণ হয় সয়াবিন ও পাম তেলের মাধ্যমে।
