১০ কোটি টাকা হলেই চালু হয় সিরাজগঞ্জ কওমী জুট মিল, দাবি ব্যবস্থাপকের
দেনার ভারে জর্জরিত ৪৬ বছরের পুরোনো সিরাজগঞ্জ কওমী জুট মিল এখন খাদের কিনারায়। টাকার অভাবে প্রয়োজনীয় পাট কিনতে না পারায় কারখানাটি প্রায় অচল হয়ে পড়েছে। আট মাস ধরে বেতন পাচ্ছেন না এর কর্মকর্তা ও কর্মচারীরা। শ্রমিকদের গত ২৮ সপ্তাহ ধরে মজুরিও নেই। অথচ ১০ কোটি টাকা বরাদ্দ পেলেই এটি পুরোদমে চালু করা সম্ভব বলে দাবি করছেন কারখানার ব্যবস্থাপক।
কওমী জুট মিলের ব্যবস্থাপক ও প্রকল্প প্রধান মো. রফিকুল ইসলাম মিঞা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে বলেন, “কারখানার দুরবস্থার কথা বিজেএমসিকে জানানো হয়েছে। কারখানার দেনা আছে ১০০ কোটি টাকা। তবে এখন মাত্র ১০ কোটি টাকা বরাদ্দ পেলেই এটি আবার পুরোদমে চালু করা যাবে।”
তিনি বলছেন, ওই অর্থ বরাদ্দ পেলে শ্রমিক ও কর্মচারীদের বকেয়া আংশিক মিটিয়ে দেওয়ার পাশাপাশি কাঁচামাল কিনে উৎপাদন পুনরায় শুরু করা সম্ভব।
এদিকে বেতন ও মজুরি না হওয়ায় কারখানার প্রায় চার হাজার শ্রমিক-কর্মচারী রয়েছেন মানবেতর অবস্থায়। এরই মধ্যে বিজেএমসির নির্দেশে কারখানার হেসিয়ান সেকশন লে-অফ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
১৯৬১ সালে ৭৫ একর জমির ওপর প্রতিষ্ঠিত উত্তরবঙ্গের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত পাটকল সিরাজগঞ্জ কওমী জুট মিলে এখন ১৯ শ নিয়মিত ও ১৭ শ অনিয়মিত শ্রমিক এবং ২৫০ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। যাদের বকেয়া মজুরি ও বেতনের পরিমাণ প্রায় আট কোটি টাকা। এ ছাড়া ব্যাংক ঋণ, পাটের দেনা, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পৌরকর, মজুরি কমিশনের বকেয়া, প্রভিডেন্ট ফান্ড ও গ্রাচুইটিসহ মোট দেনার পরিমাণ প্রায় ১০০ কোটি টাকা।
কওমী জুট মিল আড়াইশ হেসিয়ান, একই পরিমাণ স্যাকিং ও ৩২টি বড় তাঁতসহ (ব্রডলুম) মোট ৫৩২টি তাঁত নিয়ে যাত্রা শুরু করলেও সম্প্রতি বিজেএমসির নির্দেশে বন্ধ করে দেওয়া হয় আড়াইশ হেসিয়ান তাঁত। এ ছাড়া কাঁচামালের অভাবে ৭০টি স্যাকিং তাঁত ছাড়া বাকি সবগুলোই এখন বন্ধ।
২০০০ সালে অবসরে যাওয়া শ্রমিক আইনাল হক বলেন, “দিনের পর দিন কারখানা কর্তৃপক্ষের কাছে ধর্না দিয়ে মাত্র এক লাখ টাকা পেয়েছি। বাকি তিন লাখ টাকা আদৌ পাবো কিনা তার কোনো নিশ্চয়তা নেই।”
লে-অফ ঘোষণার কারণে সম্প্রতি চাকরিচ্যুত শ্রমিক সর্দার জুরান আলী বলেন, “লে-অফের কারণে আমরা ৫৩৫ জন চাকরি হারিয়েছি। বিধিমালা অনুযায়ী শতকরা ৭৫ ভাগ গ্রাচুইটি ও প্রভিডেন্ট ফান্ডের টাকা দেওয়ার কথা থাকলেও তা কবে পাব জানি না।”
স্যাকিং তাঁত শ্রমিক মো. আমজাদ হোসেন জানান, পাওনা না পেয়ে কওমী জুট মিলের ৩৫ জন বিদায়ী শ্রমিক অনাহারে ও চিকিৎসার অভাবে মারা গেছেন। এ ছাড়াও আত্মহত্যা করেছেন কন্যাদায়গ্রস্ত আরও কয়েকজন শ্রমিক।
কওমী জুট মিল মজদুর ইউনিয়ন সাধারণ সম্পাদক সুজাবত আলী কারখানার দুরবস্থার জন্য কর্তৃপক্ষ এবং সাবেক সিবিএ নেতাদের দুর্নীতিকে দায়ী করেছেন।
তিনি বলেন, “সাবেক সিবিএ নেতা ও মিল কর্তৃপক্ষের দুর্নীতি ও সময়মত কাচাঁমাল সরবরাহ না থাকায় পাটকলটির আজ এই দুরবস্থা। শ্রমিকরা সময়মত বকেয়া না পেয়ে প্রায় অর্ধেক দামে তাদের মজুরি স্লিপ বিক্রি করে খাচ্ছেন।”
