হাতিরঝিলে জমির বরাদ্দ বাতিল না করার অনুরোধ জানিয়েছে বিজিএমইএ
সোনারগাঁও হোটেলের প্রান্তে হাতিরঝিলে বাংলাদেশ তৈরি পোশাক ও রপ্তানিকারক সমিতিকে (বিজিএমইএ) দেওয়া জমির বরাদ্দ বাতিল না করার জন্য আইন উপদেষ্টাকে অনুরোধ জানিয়েছেন সমিতির নেতারা। বরাদ্দ করা জমিতে নির্মিত ভবন না ভাঙার জন্যও তারা অনুরোধ করেছেন।
বৃহস্পতিবার বিকালে আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের সঙ্গে তার কার্যালয়ে দেখা করে এই অনুরোধ জানান বিজিএমইএ নেতারা।
পরে বিজিএমইএ সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ সাংবাদিকদের বলেন, “রাজউকের সব ধরনের অনুমোদন নিয়েই ভবনটি নির্মাণ কার হয়েছে। সেটি অবৈধ নয়। উপদেষ্টাকে এ কথাটিই আমরা বলতে এসেছি।”
আনোয়ার-উল-আলম বলেন, মূল রাস্তা থেকে বিজিএমইএ ভবন পর্যন্ত একটা সেতু করার কথা। সময়মতো আমরা সেটি করতে পারিনি। এ জন্য সরকার সাড়ে ১২ লাখ টাকা জরিমানা করেছে। জরিমানা মওকুফেরও আবেদন জানিয়েছি আমরা।
এছাড়া বিভিন্ন গার্মেন্টস কারখানায় দুর্ঘটনার সময় ব্যবহারের জন্য করা বিকল্প সিঁড়ির যেগুলো ফুটপাতের ওপর চলে এসেছে এগুলো রাজউক যাতে ভেঙে না ফেলে সে অনুরোধও জানান বিজিএমইএ নেতারা।
সমতির সভাপতি সাংবাদিকদের বলেন, “ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজির জন্য উত্তরায় দুই বিধা জমি চেয়েছে বিজিএমইএ। এছাড়া শ্রম আইন ২০০৬ এর বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়েছে। এই আইনের ২৫ টি বিষয় নিয়ে পরে উপদেষ্টার সঙ্গে আরো আলোচনা হবে।”
আইন উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিজিএমইএ প্রতিনিধি দলে সমিতির সভাপতি ছাড়াও প্রথম সহ সভাপতি মো. আবদুচ ছালাম, ফেরদৌস পারভেজ বিভন, পরিচালক মো. শহীদুল ইসলাম, মো হারণ-অর-রশিদ, মঈনউদ্দিন বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
