২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারের ডিইপিজেডে শ্রমিক অসন্তোষ

সাভারে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) একটি কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। ছাঁটাই ও মামলা প্রত্যাহারের প্রতিবাদে মঙ্গলবার সমাবেশ করে ইপিজেডের পুরনো জোনের লেনি ফ্যাশনের শ্রমিকরা।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2007, 02:53 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

পরে দুপুরে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ কর্তৃপক্ষ (বেপজা) এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আশরাফ আবদুল্লাহ ইউসুফ এর আশ্বাসে বিক্ষুব্ধ শ্রমিকরা শান্ত হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেশ কয়েকদিন ধরেই লেনি ফ্যাশনে শ্রমিক অসন্তোষ চলছে। গত সপ্তাহে শ্রমিকেরা কারখানার কর্মকর্তা শ্রীলংকার নাগরিক উদারা পিটার এবং কর্মচারী শফিক ও বিমল সরকারকে মারধর করে। ওই ঘটনার পর কারখানাটি চারদিনের জন্য বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এছাড়া ভাংচুরের ঘটনায় শ্রমিকদের নামে একটি মামলা করা হয়।

রোববার কারখানাটি খুলে দেওয়ার পর শ্রমিকরা মামলার কথা জেনে বিক্ষোভে ফেটে পড়ে। তারা কারখানার ভেতর ব্যাপক ভাংচুর চালায়। এর পরিপ্রেক্ষিতে কারখানা কর্তৃপক্ষ রোববার ৬০ ও সোমবার ৩৫ শ্রমিককে বরখাস্ত করে।

মঙ্গলবার সকাল ৯টায় লেনি ফ্যাশনের প্রায় সাত হাজার শ্রমিক বেপজা গেটের পাশে সমাবেশ করে।

খবর পেয়ে বেপজার চেয়ারম্যান আশরাফ আবদুল্লাহ ইউসুফ, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার নজমুল আহসান ও সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমান ঘটনাস্থলে আসেন।

শ্রমিকরা তখন বেপজার চেয়ারম্যানের কাছে তাদের দাবি-দাওয়া তুলে ধরে। তারা ১৬ শ্রমিকের নামে দায়ের করা মামলা প্রত্যাহার ও বরখাস্তদের চাকরিতে পুনর্বহালের দাবি জানায়।

বেপজা চেয়ারম্যান শ্রমিকদের আশ্বাস দিয়ে বলেন, “মামলা তুলে নিতে পারব কিনা জানি না, তবে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে অন্যান্য সব সমস্যা সমাধানের চেষ্টা চালাব।”

এই আশ্বাসের পর শ্রমিকরা বিক্ষোভ কর্মসূচি শেষ করে। শ্রমিকরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেপজা চেয়ারম্যানের আশ্বাসে তার সন্তুষ্ট। আগামীকাল (বুধবার) থেকে তারা পুনরায় কাজে যোগ দেবেন।

ঘটনাস্থলে এখনও পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন ওসি কামরুল ইসলাম।

এ বিষয়ে জানতে চাইলে লেনি ফ্যাশনের মহাব্যবস্থাপক মাহমুদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শ্রমিকদের নাশকতামূলক তৎপরতার জন্য এক সপ্তাহ ধরে কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।