২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড় বিনিয়োগ প্রকল্পের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে: অর্থ উপদেষ্টা

বড় ধরনের বিনিয়োগ প্রকল্পের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিতে হলেও এক্ষেত্রে আমাদের দক্ষতার অভাব রয়েছে। একারণে সক্ষমতা বাড়ানোর ওপর আমাদের জোর দিতে হবে। এ কথা বলেছেন অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2007, 05:52 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

রোববার বিশ্বব্যাংক কার্যালয়ে “উন্নয়ন জন্য বিশ্বায়ন প্রক্রিয়ার কার্যক্রমে যুক্তরাজ্যের বৈদেশিক নীতির ভূমিকা” শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন।

মিডিয়া ওয়াচ অন ডেভলপমেন্ট অ্যান্ড গ্লোবালাইজেশন আয়োজিত ওই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরী।

অর্থ উপদেষ্টা বলেন, বিনিয়োগ বাস্তবায়নের জন্য দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি তা গৃহীত হচ্ছে কিনা তাও দ্রুত বিনিয়োগকারীদের জানিয়ে দেওয়া উচিত। কারণ এ ধরনের বিনিয়োগের ক্ষেত্রে কাঁচামাল, জ্বালানি ও উৎপাদিত পণ্যের মূল্য নির্ধারণসহ পরিবেশ সংক্রান্ত অনেক বিষয় জড়িত থাকে।

প্রসঙ্গত, টাটা প্রস্তাবিত বিনিয়োগ দেশের সবচেয়ে বড় বিনিয়োগ প্রকল্প হলেও গত তিন বছরে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।

বাণিজ্য বাধা দূর করার ক্ষেত্রে উন্নত দেশগুলোর পাশাপাশি আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর কিছু সমালোচনা রয়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা অভিযোগ করেন, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর আর্দশিক অবস্থান প্রকৃত অবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

তিনি বলেন, শুল্ক হার হ্রাসের মাধ্যমে বাণিজ্য বৃদ্ধির প্রচেষ্টা নেওয়ার পাশাপাশি অশুল্ক বাধা দূর করার উদ্যোগও নেওয়া প্রয়োজন।

যুক্তরাজ্যের বৈদেশিক নীতি বিশ্বায়নের পক্ষে উল্লেখ করে আনোয়ার চৌধুরী বলেন, “বিশ্বায়নের ফলে সারা বিশ্বের উন্নয়ন হবে এবং অর্থনীতির প্রসার ঘটবে, এটা মনে করেই যুক্তরাজ্যের বৈদেশিক ও উন্নয়ন নীতি করা হয়।”

তার মতে, বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ এবং তুলনামুলক প্রতিযোগিতা সৃষ্টি করতে পারলেই বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ গুলো বিশ্বায়নের সুবিধা নিতে পারবে।

উল্লেখ্য, যুক্তরাজ্য বর্তমানে বাংলাদেশে সরাসরি সাহায্য প্রদানের ক্ষেত্রে সবচেয়ে বড় দাতা দেশ।

সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি জিয়ান জু, বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সভাপতি ফারুক সোবহান, অর্থনীতিবিদ এমএ তাসলিম, বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন অর্থনীতিবিদ জায়েদী সাত্তার ও অ্যাসোসিয়েট প্রেসের ব্যুরো প্রধান ফরিদ হোসেন।