২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতারণা ঠেকাতে ট্রাভেল এজেন্ট নীতিমালায় পরিবর্তন আসছে

বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণা ঠেকাতে শিগগিরই দেশের ‘ট্রাভেল এজেন্ট নীতিমালায়’ গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2007, 03:23 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

এ ছাড়া টিকিট বিক্রির ওপর ট্রাভেল এজেন্টগুলো এয়ারলাইন্স থেকে যে কমিশন পায়, রুট অনুযায়ী তার একটি ন্যূনতম হারও ধার্য করে দেবে সরকার। নতুন নিবন্ধনের ক্ষেত্রে আরোপ করা হচ্ছে কঠোর শর্তাবলী।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংশোধিত নীতিমালায় কোনো ট্রাভেল এজেন্ট সংস্থার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে সংস্থাটির নিবন্ধন প্রাথমিকভাবে স্থগিত করা হবে। তদন্তে দোষী প্রমাণিত হলে নিবন্ধন বাতিল করাসহ প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে দায়ের করা হবে ফৌজদারি মামলা।

ওই কর্মকর্তা আরও জানান, বৃহস্পতিবার বিমান উপদেষ্টা এম এ মতিনের সঙ্গে অ্যাসেসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশের (আটাব) বৈঠকে নীতিমালার সংশোধনী আনার বিষয়ে সমঝোতা হয়। তবে পুরো বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।

এ বিষয়ে আটাব সভাপতি মোহাইমেন সালেহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংশোধিত নীতিমালার বিষয়ে দ্বিপক্ষীয় সমঝোতা অনুযায়ী, আটাব শিগগিরই একটি খসড়া নীতিমালা তৈরি করে মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পেশ করবে।

কিছু ট্রাভেল এজেন্টের প্রতারণা করার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, “একটি সুষ্ঠু নীতিমালার অভাবে কোনো কোনো ট্রাভেল এজেন্ট ভুয়া ভিসা ও ভুয়া কার্যানুমতি দিয়ে বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে প্রতারণা করার সুযোগ পাচ্ছে। প্রতিবার হজের মৌসুমে বেশ কিছু যাত্রীও প্রতারণার শিকার হচ্ছেন।”

মোহাইমেন সালেহ বলেন, “এ ছাড়া সুষ্ঠু নীতিমালার অভাবে একেকটি এয়ারলাইন্স টিকিট বিক্রির ওপর ট্রাভেল এজেন্টদের একেক রকম কমিশন দিচ্ছে।”

এই বাণিজ্যিক খাতে শৃঙ্খলা নিয়ে আসার জন্য সুষ্ঠু নীতিমালা জরুরি বলে তিনি মন্তব্য করেন।

এভিয়েশন সূত্র জানায়, দেশে বাংলাদেশ বিমানসহ ৩৭টি এয়ারলাইন্স চলাচল করে। আটাবের সদস্য সদস্য প্রায় দেড় হাজার ট্রাভেল এজেন্ট।

এদিকে খরচ কমাতে ব্রিটিশ এয়ারওয়েজ ১ এপ্রিল থেকে এয়ারলাইন্সটির টিকিট বিক্রির কমিশন সাত শতাংশ থেকে কমিয়ে এক শতাংশ করেছে। এর প্রতিবাদে আটাব অনির্দিষ্টকালের জন্য ব্রিটিশ এয়ারের টিকিট বিক্রি ও রিজার্ভেশন বন্ধ রেখেছে। গত পাঁচ দিনেও এ বিষয়ে কোনো সমঝোতা হয়নি।