২৯ জেলায় বিডিআরের ন্যায্যমূল্যের দোকান চালু
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ঢাকার বাইরে ২৯টি জেলায় ন্যায্যমূল্যের বিক্রয় কেন্দ্র চালু করেছে।
বিডিআরের ডাল-ভাত কর্মসূচির প্রধান সমন্বয়কারী কর্নেল মো. আব্দুল হালিম এ তথ্য জানান।
বিডিআর সূত্র জানায়, গত ২ এপ্রিল থেকে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, ফেনী, কুমিল্লা, ব্রাক্ষ্মণবাড়িয়া, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর, রংপুর, পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও দিনাজপুরসহ ২৮ জেলায় এবং ৪ এপ্রিল থেকে জয়পুরহাটে ন্যায্যমূল্যের দোকান চালু করা হয়েছে।
আগামী সপ্তাহের শুরু থেকে বান্দরবান জেলাতেও বিডিআরের ডাল ভাত কর্মসূচি সম্প্রসারণ করা হবে।
আব্দুল হালিম জানান, ডাল-ভাত কর্মসূচি বাস্তবায়নের জন্য বিডিআরের ২৮ ব্যাটেলিয়ান বিভিন্ন জেলায় এ পর্যন্ত ৫৬টি ন্যায্যমূল্যের বিক্রয় কেন্দ্র চালু করেছে।
গত ১৫ মার্চ ঢাকা শহরের বিভিন্ন স্থানে বিডিআর ২০টি বিক্রয় কেন্দ্র চালু করে। তাদের পরিচালনায় ঢাকায় আরও ২৫টি উন্মুক্ত বাজার চালু রয়েছে। এছাড়া চট্টগ্রামেও বেশ কয়েকটি বিক্রয় কেন্দ্র চালু করেছে বিডিআর।
বিডিআর সূত্র জানায়, এসব বাজারের সাফল্য অন্য জেলাগুলোতেও ডাল-ভাত কর্মসূচি বাড়াতে তাদের উৎসাহিত করেছে। চাহিদার ভিত্তিতে এসব বিক্রয় কেন্দ্রে পণ্য সরবরাহ করা হচ্ছে।
আব্দুল হালিম আরো জানান, জেলার স্থানীয় বাজারের চেয়ে তাদের বিক্রয় কেন্দ্রগুলোতে পণ্যের দাম তুলনামূলকভবে কম। স্থানীয় বাজারের দামের প্রতি লক্ষ্য রেখেই তারা তাদের বিক্রয়কেন্দ্রে জিনিসপত্রের দাম নির্ধারণ করেছেন।
এসব ন্যায্যমূল্যের দোকান কতদিন চলবে জানতে চাইলে তিনি বলেন, বাজারে পণ্যের দাম স্থিতিশীল হয়ে আসলে বিক্রয় কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হবে।
এদিকে বিডিআরের কার্যক্রমে পাশাপাশি তাদের তত্ত্বাবধায়নে ব্যবসায়ীরাও বিভিন্ন জেলায় বিক্রয় কেন্দ্র স্থাপন করেছেন।
ডাল-ভাত কর্মসূচি মনিটরিং সেলের কর্মকর্তা মেজর রওশনুল ফিরোজ বলেন, “আমাদের তত্ত্বাবধায়নে ২২টি ব্যবসায়ী গ্রুপ জেলা পর্যায়ে ৫১টি বিক্রয় কেন্দ্র স্থাপন করেছে। এসব বিক্রয় কেন্দ্রের জিনিসপত্রের দাম বিডিআরই নির্ধারণ করে দিয়েছে।”
মেঘনা গ্রুপ, টিকে গ্রুপ, আবুল খায়ের গ্রুপ, এস আলম কোম্পানি, পারটেক্স গ্রুপ, ম্যাপকো, মাসুদ ও পিএইচসহ ২২টি গ্রুপ বিডিআরের সঙ্গে আলোচনার ভিত্তিতে সরাসরি বা ডিলারের মাধ্যমে আমদানি করা নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করছে। চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, খুলনা ও রাজশাহীতে তাদের বিক্রয় কেন্দ্রগুলো চালু রয়েছে।
মেজর রওশনুল ফিরোজ জানান, উৎপাদন খরচ বা আমদানি মূল্য এবং পরিবহন খরচসহ বিভিন্ন বিষয় বিবেচনা করেই জেলা পর্যায়ে পণ্যের দাম ঠিক করা হচ্ছে। জেলা পর্যায়ে কোনো কোনো পণ্যের দাম ঢাকার বিক্রয় কেন্দ্রগুলোর চেয়েও কম।
এসব বিক্রয় কেন্দ্র ও উন্মুক্ত বাজারে চাল, আলু, আদা, পেঁয়াজ, দেশি রসুন, দেশি ও বিদেশি মুশুর ডাল বিক্রি হচ্ছে।
গত বছর রমজান মাসে বিডিআর এমন উদ্যোগ নিলে তা ২৭ দিন চালু ছিল।
