ন্যূনতম মজুরি বাস্তবায়নে পোশাক সংগঠনগুলোর উদ্যোগ নেই
তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি কাঠামোসহ নতুন শ্রম আইন বাস্তবায়নের ব্যাপারে রপ্তানিমুখী পোশাক শিল্পের মালিক সংগঠনগুলো গত সাড়ে পাঁচ মাসে কোনো উদ্যোগ নেয়নি। দুই পোশাক মালিক সমিতি বিজিএমইএ ও বিকেএমইএর কাছে এ সংক্রান্ত কোনো তথ্যও নেই।
অথচ বিগত সরকার গত অক্টোবর মাসের শুরুতে দীর্ঘদিন ধরে প্রচলিত ২৫টি শ্রম আইন বাতিল করে “বাংলাদেশ শ্রম আইন ২০০৬” নামে একটি নতুন আইন তৈরি করে। এছাড়া গত ২৬ অক্টোবর থেকে রপ্তানিমুখী পোশাক শিল্পের জন্য ন্যূনতম মজুরির নতুন কাঠামো কার্যকর করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর অনুসন্ধানে দেখা যায়, গত বছরের ১৫ অক্টোবরের পর থেকে রপ্তানিমুখী পোশাক কারখানাগুলোতে শ্রমিক অধিকার, নিরাপত্তা ও কমপ্লাইন্সসহ ন্যূনতম মজুরি কাঠামো বাস্তবায়ন হচ্ছে কীনা সে ব্যাপারে বিজিএমইএ এর শ্রম, নিরাপত্তা ও কমপ্লাইন্স সেলগুলোর কোনো নজরদারি কার্যক্রম নেই।
এ ব্যাপারে বিজিএমইএ সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে গত শুক্রবার বলেন, বিজিএমইএ আগামী তিন মাসের মধ্যে শ্রমিকদের ন্যূনতম মজুরি কাঠামোসহ শ্রম আইন বাস্তবায়ন সম্পর্কিত তথ্য প্রকাশ করবে।
এ সংক্রান্ত কার্যক্রম সম্পর্কে পুরোপরি অবগত নন উল্লেখ করে তিনি বলেন, আগামী কিছুদিনের মধ্যে বিজিএমইএ তদারকি কার্যক্রম শুরু করতে যাচ্ছে।
বিজিএমইএ শ্রম সেলের প্রধান কর্মকর্তা রফিকুল ইসলাম গত ১৫ অক্টোবরের পর তার সেলের কোনো কার্যক্রম না থাকার বিষয়টি স্বীকার করে বলেন, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি ও সমিতির নির্বাচন থাকায় এ কার্যক্রম এতদিন বন্ধ আছে।
তৈরি পোশাক শিল্প কারখানায় শ্রম ব্যবস্থাপনাসহ ন্যূনতম মজুরি কাঠামো বাস্তবায়নের দাবিতে গত বছরের জুন মাসে শ্রমিক আন্দোলনের পর বিজিএমইএ শ্রম অধিকার, নিরাপত্তা ও কমপ্লাইন্স সেল তদারকি কার্যক্রম শুরু করে।
গত বছরের ১২ জুন পোশাক শিল্পের শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে গার্মেন্টস ট্রেড ইউনিয়নগুলো বিজিএমইএ এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সঙ্গে ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি স্বাক্ষর করে।
ওই সমঝোতা চুক্তির আলোকে বিজিএমইএ শ্রম নিরাপত্তা ও কমপ্লাইন্স সেলগুলোর যৌথ উদ্যোগে ঢাকা ও চট্টগ্রামের পোশাক তৈরির কারখানাগুলোতে শ্রমিকদের নিয়োগপত্র, ছুটি, মাতৃত্বকালিন ছুটি, পরিচয় পত্রসহ দশটি বিষয়ে তদারকি কার্যক্রম শুরু হয়।
গত বছরের ১৮ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত এবং ৩ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দুই দফায় যথাক্রমে ১৬৩৩টি এবং ১২৬০টি পোশাক কারখানায় তদারকি কার্যক্রম চলে।
বিকেএমইএ সভাপতি ফজলুল হক জানান, এ মাসে কমপ্লাইন্স সেলের জন্য ১৪ জন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। আগামী মাস থেকে বিকেএমইএর সদস্য প্রতিষ্ঠানগুলোতে তদারকি ও নজরদারি কার্যক্রম শুরু হবে।
জার্মান সরকারের উন্নয়ন সংস্থা জিটিজেড এর সহায়তায় বিকেএমইএ এ বছরই প্রথম কমপ্লাইন্স সেল গঠন করে।
নিট পোশাক শিল্পের সমিতি বিকেএমইএ তুলনামূলকভাবে নতুন সংগঠন হওয়ায় এ বছরের আগে তাদের পক্ষে এ ধরনের পদক্ষেপ নেওয়া সম্ভব ছিল না বলে ফজলুল হক জানান।
