দিনের শুরুতেই বিডি ওয়েল্ডিং ইলেকট্রোডসের শেয়ার কেনাবেচা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বুধবার দিনের শুরুতেই বিডি ওয়েল্ডিং ইলেকট্রোডসের শেয়ার কেনাবেচা বন্ধ করে দিয়েছে।
‘জেড’ ক্যাটাগরি অর্থাৎ নিম্ন মানের শেয়ার হিসেবে তালিকাভুক্ত বিডি ওয়েল্ডিংয়ের শেয়ারের দাম হঠৎ বেড়ে যাওয়ায় বিষয়টি তদন্ত করে দেখার জন্য ডিএসই এ নির্দেশ দেয়।
ডিএসই এর নিষেধাজ্ঞার পর বুধবার বিডি ওয়েল্ডিং ইলেকট্রোডসের শেয়ার কেনাবেচা বন্ধ রাখা হয়। এর আগেও একবার ডিএসই’র নির্দেশে ওই প্রতিষ্ঠানের শেয়ার কেনাবেচা বন্ধ রাখা হয়েছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক ডিএসই এর এক কর্মকর্তা জানান,“ বিডি ওয়েল্ডিংয়ের শেয়ারের দাম হঠাৎ করে বেড়ে যাওয়ার বিষয়টি সন্দেহজনক। প্রতিষ্ঠানটি তাদের লেনদেনের যে হিসেব দিয়েছে তাতেও বেশ কিছু অসঙ্গতি পেয়েছি আমরা”।
জানা গেছে, এক সৌদি বিনিয়োগকারী বিডি ওয়েল্ডিংয়ে বিনিয়োগ করতে চানÑ প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমন একটি খবর প্রচার করার পরপরই তাদের শেয়ারের দাম বেড়ে যায়। সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন বিডি ওয়েল্ডিংয়ের শেয়ারের দাম বেড়ে যাওয়ার বিষয়টি তদন্ত করে দেখছে।
ঢাকা স্টক একচেঞ্জের ডিজিইএন বা সাধারণ সূচক ৪.৭৪ পয়েন্ট অর্থাৎ ০.২৭ শতাংশ বেড়ে বুধবার বেলা প্রায় সাড়ে ১১টায় ১৭৩৫.৪৯ পয়েন্ট হয়।
ডিএসআই বা সার্বিক সূচক ২.৫৭ পয়েন্ট বা ০.১৭ শতাংশ বেড়ে ১৪৭৮.৮৭ পয়েন্ট হয়েছে।
ওই সময় পর্যন্ত ৮১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে এবং ৩০টির কমেছে। ১৪টির দাম অপরিবর্তিত থেকেছে।
মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৬ কোটি ৬৪ লাখ ৫০ হাজার টাকা।
সকাল সোয়া ১১টা পর্যন্ত সবচে বেশি লেনদেন হয়েছে ইউসিবিএল এর শেয়ার। মঙ্গলবার দিন শেষে এ প্রতিষ্ঠানের শেয়ারের দাম ২০৪০.৭৫ টাকা থাকলেও বুধবার দাম কমে ২০০৯ টাকায় দাঁড়ায়।
শাহজালাল ইসলামী ব্যাংকের শেয়ারের দাম সামান্য বেড়ে ২৪৬.২৫ টাকা থেকে বেড়ে ২৪৭ টাকা হয়েছে। অন্যদিকে ডেসকোর শেয়ারের দাম ৬৮০.৫ টাকা থেকে কমে ৬৭৫.২৫ টাকা হয়েছে।
আইসিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম ৩৫০ টাকা থেকে বেড়ে ৩৬৭ টাকা হয়েছে এবং পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশের শেয়ারে দাম সামন্য কমে ৪৫৫.২৫ টাকা থেকে ৪৫৫ টাকা হয়েছে।
