প্রতিটি জেলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করবে সরকার
সরকার দেশের প্রতিটি জেলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) স্থাপনের পরিকল্পনা করছে।
বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা বলেন।
মো. নজরুল ইসলাম বলেন, রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা ভবিষ্যতে আর বাড়ানো হবে না। বরং দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করার জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হবে।
বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কর্তৃপক্ষের ২৯ মার্চের বৈঠকের কথা জানিয়ে তিনি বলেন, এ বৈঠকে ইপিজেডের পরিবর্তে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের ওপর জোর দেয়া হয়েছে। বিগত সরকারও এ বিষয়ে একমত পোষণ করেছিল।
বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় ‘প্রাইভেট সেক্টর ডেভলপমেন্ট সাপোর্ট প্রজেক্ট’ এর আওতায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হবে। বাস্তবায়ন করবে বিনিয়োগ বোর্ড।
বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান বলেন, বিনিয়োগ বোর্ড প্রাথমিক জরিপ পরিচালনা করবে। জরিপ অনুসারে এসইজেড স্থাপন করা হবে।
তিনি বলেন, কমপক্ষে একশ’ একর জমিতে এসইজেড স্থাপন করা হবে। জমির সহজ প্রাপ্যতার ওপর এটি নির্ভর করবে। এছাড়া শিল্পের কাঁচামালের সহজলভ্যতার বিষয়ে অগ্রাধিকার দেয়া হবে। শিল্প এলাকায় অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা হবে। পরিবেশ দূষণ রোধের জন্য প্রতিটি এসইজেডে একটি করে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট (ইটিপি) স্থাপন করা হবে। ইটিপি ব্যবহার বাধ্যতামুলক করা হবে। তিন মাসের মধ্যে প্রকল্প চূড়ান্ত করা হবে বলে তিনি বলেন।
রপ্তানীমুখী শিল্পকে উৎসাহিত করার জন্য বর্তমানে দেশে আটটি ইপিজেড রয়েছে। এ পরিকল্পনাকে সফল করতে বিনিয়োগ বোর্ডের প্রধান আগামী সপ্তাহে লালমনিরহাট ও গাইবান্ধা সফরে যাবেন।
