মোবাইল ফোনের বেজ স্টেশন বন্ধের নির্দেশে শেয়ার বাজারে মন্দা
বনানী, মহাখালী ও বারিধারা ডিওএইচএস এলাকার মোবাইল ফোনের বেজ স্টেশন বন্ধের আকস্মিক নির্দেশে লেনদেনে অস্বস্তি বিরাজ করায় শেয়ার বাজারে মন্দাভাব দেখা গেছে সোমবার।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ‘ব্রোকার’ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডিওএইচএস এলাকাগুলো থেকে মোবাইল ফোন প্রতিষ্ঠানগুলোর বেজ স্টেশন সরিয়ে নেওয়ার জন্য সেনা কর্তৃপক্ষের নির্দেশের কারণে শেয়ার বাজারে অস্থিরতা দেখা দেয়।”
এর আগে গ্রামীণফোনের মহাব্যাবস্থাপক সৈয়দ ইয়ামিন বখ্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে বলেন, “১ এপ্রিল সকাল থেকে সেনানিবাসের নির্দেশে ঢাকার তিনটি ডিওএইচএস এলাকা থেকে মোবাইল ফোনের বেজ স্টেশন বন্ধ করে দেওয়া হয়।”
ডিওএইচএস এলাকায় অবস্থিত টেলিটকের একটি, গ্রামীণফোনের নয়টি, একটেলের পাঁচটি, বাংলালিংকের পাঁচটি এবং সিটিসেলের পাঁচটি বেজ স্টেশন ১ এপ্রিল থেকে বন্ধ হয়ে গেছে।
ঢাকা স্টক এক্সেচেঞ্জে (ডিএসই) ডিজিইএন বা সাধারণ সূচক ২৩ দশমিক ৫১ পয়েন্ট অর্থাৎ শতকরা এক দশমিক ৩৩ ভাগ কমে ১ হাজার ৭৩৭ দশমিক ৩৫ পয়েন্ট হয়।
ডিএআই বা সার্বিক সূচক ২০ দশমিক ৬৭ পয়েন্ট বা এক দশমিক ৩৭ ভাগ কমে ১ হাজার ৪৭৭ দশমিক ৯০ পয়েন্ট হয়।
আকর্ষণীয় ডিএসই-২০ ব্লু চিপ শেয়ার সূচক ২১ দশমিক ২৬ পয়েন্ট বা এক দশমিক ৫২ ভাগ কমে ১ হাজার ৩৭২ দশমিক ৭২ পয়েন্ট হয়।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আবাসন ও সেবা খাত, মিউচুয়াল ফান্ড এবং ব্যাংকিং খাতের শেয়ারের দাম কমার কারণে সিএসইর সব সূচকই নিম্নগামী ছিল।
ইমতিয়াজ হুসেন সিকিউরিটিজের চেয়ারম্যান ইমতিয়াজ হুসেন বলেন, “আজকের (সোমবার) দাম কমার কারণে দূরদর্শী বিনিয়োগকারীরা লাভবান হয়েছে।”
দিন শেষে ডিএসইতে ৬৬ কেটি ৯ লাখ ৬০ হাজার টাকার লেনদেন হয়েছে। বৃহস্পতিবার এই পরিমাণ ছিল ৭২ কোটি ৭৬ লাখ ৩০ হাজার টাকা। সিএসইতে ১২ কোটি ১৫ লাখ ৩০ হাজার টাকার লেনদেন হয়। বৃহস্পতিবার সিএসইর লেনদেনের পরিমাণ ছিল ১২ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা।
ইকুইটি পার্টনার সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম বলেন, “মূলধনের সরবরাহ কমে যাওয়ায় বাজারে স্থিতিশীলতা আসছে না।”
তিনি আরও বলেন, বিনিয়োগকারীদের ভেতর বেশি দামে যারা জ্বালানি খাতের শেয়ার কিনেছিলেন তারা লেনদেনে অংশ নেননি। মূলধনের একটি বড় অংশ প্রিমিয়ার ব্যাংকের শেয়ারে আটকে আছে বলে তিনি জানান।
বিনিয়োগকারীরা শেয়ার আটকে রাখায় শাহজালাল ব্যাংকের শেয়ারের দাম ৫ দশমিক ৬৯ ভাগ কমে ২৪৮ টাকা ৫০ পয়সা হয়।
বাজারে ডেসকো এবং বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের চাহিদা থাকায় প্রতিষ্ঠান দুটির শেয়ারের দাম বেড়েছে।
ইউসিবিএল এর শেয়ারের দাম ৩ দশমিক ৮৭ ভাগ বেড়ে ১ হাজার ৯৮৫ টাকা ২৫ পয়সা হয়। গ্রামীণ মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম ৫ দশমিক ৫ ভাগ কমে ৪৪ টাকা ৬০ পয়সা হয়েছে।
ডিএসইতে লাভবানদের তালিকায় শীর্ষে ছিল উত্তরা ব্যাংক, ফাইন ফুডস এবং এবি ব্যাংক। বাংলাদেশ ওয়েল্ডিং, ফার্স্ট বিএসআরএস এমএফ এবং আইসিবি মিউচুয়াল ফান্ড ছিল ক্ষতিগ্রস্তদের তালিকায় শীর্ষে।
ডিএসইতে ৩৮ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৩৯ টির এবং অপরিবর্তিত ছিল ১৮ টির দাম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ১৫ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৬৯ টির এবং অপরিবর্তিত ছিল ছয়টির দাম।
