২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি অন্তরায়: অর্থ উপদেষ্টা

আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে সব দেশের সুবিধা অর্জনের প্রতি নজর রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন অর্থ উপদেষ্টা এবি মির্জা আজিজুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2007, 06:12 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি অন্যতম বাধাÑÑএই কথা জানিয়ে শনিবার ঢাকায় বাংলাদেশ, চীন, ভারত এবং মিয়ানমারের (বিসিআইএম) আঞ্চলিক সহযোগিতা বিষয়ক সপ্তম আন্তর্জাতিক ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে আমাদের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি পরিহার করা দরকার।”

আজিজুল ইসলাম বলেন, আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে কোন এক দেশ যদি বিশেষ সুবিধা অর্জন করতে না পারে, তবে সেই দেশ সহযোগিতা করার ব্যাপারে আগ্রহী হবে না। তাই সহযোগিতার ক্ষেত্রে সব দেশেরই সুযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করা উচিত।

সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) আয়োজনে সংগঠনের চেয়ারম্যান ও অর্থনীতিবিদ রেহমান সোবহানের সভাপত্বিতে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চীনের ইউনান প্রদেশ ডেপুটি সেক্রেটারি জেনারেল চে ঝিমিন, ভারতের সাবেক রাষ্ট্রদূত এরিক গনসালভেজ, মিয়ানমারের উপপররাষ্ট্রমন্ত্রী মাংগ মিন্ট এবং সিপিডি নির্বাহী পরিচালক দেবপ্রিয় ভট্টাচার্য।

ব্র্যাক সেন্টারে আয়োজিত দুই দিনব্যাপী এই সম্মেলনে অর্থ উপদেষ্টা এটাও বলেন, আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে নিরাপত্তা ধারণাটি পুর্ণ বিবেচনায় নেওয়া উচিত।

রেহমান সোবহান বলেন, বিমসটেক অর্থনৈতিক জোটে চীনকে অন্তর্ভূক্ত করার মাধ্যমে এই অঞ্চলের অর্থনৈতিক সহাযোগিতা অধিকতর কার্যকর করে তোলা  সম্ভব। 

ইউরোপীয় ইউনিয়নের সমুদ্রবন্দরহীন দেশগুলোর আন্তঃসীমান্ত পরিবহনে কোন সমস্যা নেই উল্লেখ করে তিনি বলেন, নেপাল, ভুটান, ভারতের উত্তরপূর্ব প্রদেশ গুলো, চীনের ইউনান প্রদেশ এবং মিয়ানমার যাতে চট্টগ্রাম বন্দরকে স্বাভাবিক বন্দর হিসেবে ব্যবহার করতে পারে সেভাবেই চট্টগ্রাম বন্দরকে গড়ে তোলা উচিত।

আন্তঃসীমান্ত সংযোগগুলো বিশেষ করে এশিয়ান হাইওয়ে এবং রেলওয়ে সংযোগ স্থাপনের ওপর গুরুত্ব দিয়ে এরিক গনসালভেজ বলেন, বিভিন্ন ধরনের আন্তঃসীমান্ত সংযোগের মধ্য দিয়ে বাণিজ্যে মুনাফা অর্জনের পাশাপাশি স্বল্প খরচে বাণিজ্য সম্পাদন করা সম্ভব।

তিনি বলেন, ইওরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে পণ্য পরিবহনে কোন বাধা নেই। অথচ এ অঞ্চলে আন্তঃসীমান্ত পরিবহনে ক্ষেত্রে সরকারের বিভিন্ন বিভাগসহ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের ২৪৪টি স্বাক্ষরের প্রয়োজন হয়।

চে ঝিমিন হতাশা প্রকাশ করে বলেন, বিসিআইএম--এর সপ্তম আন্তর্জাতিক ফোরামের বৈঠক অনুষ্ঠিত হলেও এই আঞ্চলিক জোটের মধ্যে এখনও প্রকৃতঅর্থে  সহযোগিতা কার্যকর হয়নি।

তিনি এই অঞ্চলকে বিশ্বের দ্রুত বিকাশমান অর্থনৈতিক অঞ্চল উল্লেখ করে  বলেন, এই আঞ্চলিক সহযোগিতা কার্যকর হওয়ার মাধ্যমে চীন, দক্ষিণ--পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়াÑÑ এই তিন বাজারের মধ্যে প্রকৃত সংযোগ সৃষ্টি হবে।