যুবকের ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত মধ্য এপ্রিলে
অবৈধভাবে ব্যাংকিং কার্যক্রম চালানোর জন্য অভিয্ক্তু ‘যুবক’ তার দাবি অনুসারে গ্রাহকদের অর্থ ফেরত দিয়েছে কিনা তা তদন্ত শেষে এপ্রিলের মাঝামাঝিতে প্রতিষ্ঠানটির ব্যাপারে নতুন নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক।
অবৈধ আমানতি প্রতিষ্ঠান হিসেবে নেওয়া সম্পূর্ণ আমানত গ্রাহকদের ফিরিয়ে দেওয়ার জন্য যুবক আরও নয়মাস সময় চাইলে বাংলাদেশ ব্যাংক এই পদক্ষেপ নেয়।
এর আগে বাংলাদেশ ব্যাংক যুবককে ৩১ মার্চের মধ্যে সব আমানত গ্রাহকদের ফেরত দেওয়ার নির্দেশ দেয়।
নামপ্রকাশে অনিচ্ছুক কেন্দ্রিয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা শুক্রবার নফহবংি২৪.পড়স কে বলেন, “গ্রাহকদের কাছ থেকে নেওয়া ১০০ কোটি টাকার মধ্যে ৪০ কোটি টাকা ইতোমধ্যেই ফিরিয়ে দেওয়ার দাবি করেছে যুবক। তারা (যুবক) ওই পরিমাণ টাকা সত্যিই গ্রাহকদের ফিরিয়ে দিয়েছে কিনা সে ব্যাপারে মাঠ পর্যায়ের তদন্ত শেষে আমরা যুবকের ব্যাপারে সিদ্ধান্ত নেব।”
এপ্রিলের মাঝামাঝি সময়ের ভেতর যুবকের দাবির সত্যতা যাচাই এবং মাঠ পর্যায়ের তদন্ত শেষ হতে পারে বলে তদন্ত কার্যক্রমের সঙ্গে ঘনিষ্ঠ এক কর্মকর্তা জানান।
যুবকের অর্থ জমানোর বিষয়টি বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিভাগ তদন্ত করে দেখছে।
যুবক নামে পরিচিত ‘যুব কর্মসংস্থান সোসাইটি’ সরকারি জয়েন্ট স্টক কোম্পানিতে নিবন্ধিত হয়। কিন্তু গত বছর জুলাই মাসে বাংলাদেশ ব্যাংকের একটি তদন্তে তাদের অবৈধ আমানত সংগ্রহ কার্যক্রম ধরা পড়ে।
আমানত হিসাবে নেওয়া ১০০ কোটি টাকা ৩১ ডিসেম্বরের ভেতর গ্রাহকদের ফিরিয়ে দেওয়ার জন্য যুবককে নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। ডিসেম্বরে যুবক গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার জন্য অতিরিক্ত সময় প্রার্থনা করে। বাংলাদেশ ব্যাংক এই আবেদন বিবেচনা করে সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত বাড়ায়।
১৯৯৪ সালে হুসেইন আল মাসুম নামে এক ব্যক্তি ঢাকার আজীজ কো-অপারেটিভ মার্কেটের একটি ছোট ঘরে যুবকের কার্যক্রম শুরু করে। শুরুতে প্রতিষ্ঠানটির উদ্দেশ্য ছিল যুবকদের কম্পিউটারে প্রশিক্ষিত করে তোলা।
গত বছর একটি বাণিজ্যিক ব্যাংক এবং একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের মালিকানার অংশিদারিত্ব ক্রয় এবং দেশজুড়ে বেসরকারি ফিক্সড ফোন প্রতিষ্ঠান চালুর কারণে যুবক আলোচনায় উঠে আসে।
এছাড়া প্রতিষ্ঠানটি দেশের অন্যতম বড় একটি পর্যটন প্রতিষ্ঠান, একটি আবাসন প্রতিষ্ঠান, একটি সিরামিক কারখানা এবং দেশের অন্যতম বড় বেসরকারি রাবার ক্ষেত পরিচালনা করছে।
এদিকে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনার জন্যও অনুমতির আবেদন জানিয়েছে যুবক। তবে এই আবেদনের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি ক্ষুদ্র ঋণ সংস্থা ( এমআরএ)
