খুলনায় ১২টি পয়েন্টে ন্যায্যমূল্যের সবজি বাজার
খুলনায় বুধবার আরও ৬টি পয়েন্টে ন্যায্যমূল্যে সবজি বিক্রি শুরু হয়েছে। এ নিয়ে এখন মোট ১২টি পয়েন্টে এ কার্যক্রম শুরু হল। এতে নগরীর বিভিন্ন স্থানে সবজির দাম কমে এসেছে।
গত ২৫ মার্চ নগরীর ৬টি পয়েন্টে ন্যায্যমূল্যে প্রথম সবজি বিক্রি শুরু হয়।
খুলনা জেলা প্রশাসন, যৌথ বাহিনী ও খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের যৌথ উদ্যোগে যে ১২টি পয়েন্টে তরিতরকারি বিক্রি হচ্ছে সেগুলো হলো নিরালা কাঁচা বাজার, ডাকবাংলা মোড়, নিউমার্কেট, জোড়া গেট, কোর্ট রোড, চিত্রালী বাজার, রূপসা, দৌলতপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর, দৌলতপুর বাজার, নতুন রাস্তা মোড়, রেলী গেট এবং আঞ্জুমান রোড।
এসব পয়েন্টে প্রতি কেজি উচ্ছে ১০ টাকা, শশা আট টাকা, বেগুন ১০ টাকা, আলু ১৫ টাকা, কাঁচা মরিচ ২০ টাকা, পেঁপে ৬ টাকা, লাউ ৫ টাকা, ঢেঁড়শ ১০ টাকা এবং টমেটো ৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
ন্যায্যমূল্যের দোকান চালু হওয়ার আগে সাধারণ কাঁচা বাজারে প্রতি কেজি উচ্ছে বিক্রি হয়েছে ২০ টাকা, লাউ ১২ টাকা, কাঁচা মরিচ ৪০ টাকা, পেঁপে ১০ টাকা, পিঁয়াজ ২২ টাকা, দরে।
ন্যায্যমূল্যের দোকান চালু হওয়ার পর প্রতিটি সবজির দাম কেজি প্রতি ৫ থেকে ৭ টাকা কমে গেছে।
খুলনা জেলা প্রশাসক এসএম ফিরোজ আলম, খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সাহারুজ্জামান মোর্তজা ও পরিচালক শাহাদাত হোসেন বাদশা, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইউসুফ হারুন বুধবার নগরীর বিভিন্ন পয়েন্টে ন্যায্যমূল্যের বাজার ঘুরে দেখেন এবং ক্রেতাদের আগ্রহ দেখে সন্তোষ প্রকাশ করেন।
