২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের অভ্যন্তরীণ বাজারকে ‘বিকৃত’ বললেন বাণিজ্য সচিব

অভ্যন্তরীণ বাজারকে ‘বিকৃত’ হিসাবে বর্ণনা করেছেন বাণিজ্য সচিব ফিরোজ আহমেদ। রাজধানীতে মঙ্গলবার এক মতবিনিময় সভায় তিনি বলেন, সরকার গত আড়াই বছরে আমদানি করা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের শুল্ক কয়েক দফা কমালেও জনগণের কাছে এর সুবিধা পৌঁছায়নি। এমনকি বড় ধরনের শুল্ক হ্রাসও বাজারে তেমন প্রভাব ফেলেনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2007, 06:47 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ‘নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও বাজার মূল্য’ শীর্ষক এই মতবিনিময় সভা আয়োজন করে।

২০০৪--০৫ অর্থবছর থেকে চলতি অর্থবছরের ডিসেম্বর মাস পর্যন্ত আমদানি করা নিত্য প্রয়োজনীয় পণ্যের আন্তর্জাতিক মূল্য, টাকার বিনিময় মূল্য এবং শুল্ক হার হ্রাসসহ সমন্বিত বাজার মূল্য বিশ্লেষণ করে বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং কমিটির সমীক্ষা প্রতিবেদন উল্লেখ করে বাণিজ্য সচিব অভ্যন্তরীণ বাজারকে ‘বিকৃত’ হিসাবে বর্ণনা করেন।

এই প্রতিবেদনে দেখা গেছে, অভ্যন্তরীণ বাজারে সয়াবিন তেলের দাম ৮ দশমিক ৪ শতাংশ বাড়ার সম্ভবনা থাকলেও দাম বেড়েছে ২৭ দশমিক ৪ শতাংশ, পাম তেলের দাম ১৬ দশমিক ১৭ দাম বাড়ার পরিবর্তে বেড়েছে ৩০ শতাংশ, মশুর ডাল ৩৯ শতাংশ পরিবর্তে বেড়েছে ৫৯ শতাংশ। পাশাপাশি চিনির দাম ৩৭ শতাংশ বেড়ে যাওয়ার সম্ভবনার থাকলেও উল্টো কমেছে ২০ শতাংশ।

সভায় বিভিন্ন জেলার চেম্বার ও সমিতির ব্যবসায়ীরা সয়াবিন ও পাম তেল এবং গুড়ো দুধের ওপর সুনির্দিষ্ট হারে শুল্ক নির্ধারণ, যমুনা সেতুর ওপর দিয়ে চলাচলকারী ট্রাকের পণ্যধারণ সীমা ১২ টনের পরিবর্তে ১৫ টন নির্ধারণ, কৃষি পণ্য পরিবহনে টোল তুলে নেওয়া, ছোট উৎপাদক ও কৃষকদের সরাসরি বিপণনের জন্য সমবায় ব্যবস্থা কার্যকর করা  এবং জেলা পর্যায়ে বিডিআরের ন্যায্য মূল্যের দোকান স্থাপনের দাবি জানান।

এফবিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ, জাতীয় রাজস্ব বোর্ড এর সদস্য রশিদ উল আহসান, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী, সাবেক সভাপতি ইউসুফ আব্দুল্লাহ হারুন এবং বিভিন্ন জেলার চেম্বার ও সমিতির নেতারা। এফবিসিসিআই পরিচালক এমএ রউফ চৌধুরী সভায় সংগঠনের প্রস্তাবনা উপস্থাপন করেন।