শেয়ার বাজারে মন্দাভাব
বিনিয়োগকারীদের লভ্যাংশ তুলে নেওয়ার প্রবণতায় এবং বছর শেষে হিসাব গুছিয়ে নেওয়ায় রোববার দ্বিতীয় দিনের মতো শেয়ার বাজারে মন্দাভাব বজায় ছিল।
বাজারে দুটি নতুন প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন শুরুর অপেক্ষায় অনেক বিনিয়োগকারী লেনদেনে অংশ নেননি।
এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ব্যবস্থাপক ইয়াওয়ার সাইদ জানান, “বাজার স্থিতিশীল আছে। বিনিয়োগকারীদের একটি অংশ দুটি নতুন শেয়ারের লেনদেন শুরুর অপেক্ষায় রয়েছেন।”
আগামী ২৮ মার্চ থেকে আইসিবি এএমসিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং শাহজালাল ইসলামী ব্যাংক বাজারে শেয়ার ছাড়া শুরু করবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিজিইএন বা সাধারণ সূচক ৭ দশমিক ৯৯ পয়েন্ট বা দশমিক ৪৫ শতাংশ কমে ১৭৬৭ দশমিক ৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসআই বা সার্বিক সূচক ৩ দশমিক ৪১ পয়েন্ট বা দশমিক ২২ শতাংশ কমে হয় ১৫০৪ দশমিক ৮৩ পয়েন্ট।
ভালোমানের ডিএসই--২০ শেয়ার সূচক ১০ দশমিক ৬১ পয়েন্ট বা দশমিক ৭৫ শতাংশ কমে ১৪০২ দশমিক ৮১ পয়েন্ট হয়েছে।
ইমতিয়াজ হোসেন সিকিউিরিটিজ এর চেয়ারম্যান ইমতিয়াজ হোসেন বলেন, “ভালো খবর আসছে এবং দাম যথেষ্ঠ সহনশীল।” তিনি জানান, মুদ্রা পাচার অধ্যাদেশ জারির বিষয়ে সরকারের পদক্ষেপ নিয়ে সংশয়ও বাজারে প্রভাব ফেলেছে।
ডিএসইতে দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ৬২ কোটি ২৮ লাখ ৪০ হাজার টাকা। বৃহস্পতিবার এর পরিমাণ ছিল ৬৩ কোটি ১২ লাখ ৯০ হাজার টাকা।
এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দিন শেষে ১৩ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সেখানে বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ১৫ কোটি ১৪ লাখ ৯০ হাজার টাকা।
সব ধরনের শেয়ারেই মন্দাভাব থাকায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সব শেয়ার সূচক নিম্নমুখী ছিল। তবে ব্যাংকিং খাতের শেয়ারের দাম কিছুটা বেড়েছে।
ডিএসইতে স্ট্যান্ডার্ড ব্যাংক ৬ কোটি ৪৮ লাখ ৩০ হাজার টাকার লেনদেন করে শীর্ষস্থানে ছিল। তারা ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে এবং প্রতি দুটি শেয়ারপিছু একটি অতিরিক্ত শেয়ারের ঘোষণা দেয়।
লেনদেনের দিক দিয়ে দ্বিতীয় স্থানে থাকা ডেসকোর শেয়ারের দাম দশমিক ৬২ শতাংশ বেড়ে ৬৪৩ টাকা হয়েছে।
প্রিমিয়ার ব্যাংকের প্রাথমিক শেয়ার কেনা এবং সম্পদের উচ্চ মূল্যের কারণে গ্রামীন১ মিউচুয়াল ফান্ডের শেয়ার এক দশমিক ৮৩ শতাংশ বেড়ে দিন শেষে ৫০ টাকায় লেনদেন হয়েছে।
বিনিয়োগকারীরা লাভ তুলে নেওয়ায় বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম এক দশমিক ৩৬ ভাগ কমে ৪৫২ টাকা ৫০ পয়সা, সাউথইস্ট ব্যাংকের শেয়ারের দাম দশমিক ৪৩ ভাগ কমে ৩৪৬ টাকা ৭৫ পয়সা এবং ব্রাক ব্যাংকের শেয়ারের দাম এক দশমিক ৫৯ ভাগ কমে ৫০৯ টাকা ২৫ পয়সা হয়।
এক্সিম ব্যাংকের শেয়ারের দাম ৪ দশমিক ২৩ ভাগ কমে ৩৪৫ টাকা ২৫ পয়সা হয় যদিও তারা ২০ শতাংশ নগদ লভ্যাংশ এবং পাঁচ শতাংশ শেয়ারপিছু লভ্যাংশ ঘোষণা করে।
উত্তরা ফিন্যান্সের শেয়ারের দাম এক দশমিক ৩৫ শতাংশ বেড়ে ৫২৫ টাকা ২৫ পয়সা হয়। প্রতিষ্ঠানটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ এবং ২০ শতাংশ শেয়ারপিছু লভ্যাংশ ঘোষণা করে।
ডিএসইতে রোববার দাম বাড়ায় শীর্ষে ছিল ইস্টার্ন লুব্রিকেন্টস, স্ট্যান্ডার্ড ব্যাংক ও এনটিসি। দাম কমার দিক থেকে প্রথম দিকে ছিল বাংলাদেশ ওয়েল্ডিং, সিঙ্গার বাংলাদেশ এবং আশরাফ টেক্সটাইলস।
ঢাকা স্টক এক্সচেঞ্জে দাম বেড়েছে ৬০টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯ টির শেয়ার।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ২৩ টির দাম বেড়েছে, কমেছে ৬৮টির এবং নয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিল।
