২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিসির কাছ থেকে আন্তর্জাতিক দামে জ্বালানি তেল চায় বিমান

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) কাছ থেকে আন্তর্জাতিক বাজারের দামে জ্বালানি তেল কিনতে চায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2007, 02:25 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

একই সঙ্গে বিপিসির কাছে কেনা তেলের মধ্যে ২৫ শতাংশের বদলে ৫০ শতাংশই বাকিতে সরবরাহ করার জন্যও সরকারের কাছে অনুরোধ করে প্রস্তাব পাঠিয়েছে বিমান।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক এম এ মোমেন নফহবংি২৪.পড়স কে এই তথ্য জানিয়েছেন।

প্রসঙ্গত, বিপিসি প্রতিবছর প্রায় আড়াই লাখ গ্যালন জ্বালানি তেল আমদানি করে, যার প্রধান ক্রেতা বাংলাদেশ বিমান। আন্তর্জাতিক দরের চেয়ে অনেক বেশি দামে বিমানের কাছে জেট ফুয়েল বিক্রি করে বিপিসি। কিন্তু এই তেলের একটা বড় অংশই আবার বিমান কেনে বাকিতে। এ বাবদ গত ৩১ ডিসেম্বর পর্যন্ত বিমানের কাছে বিপিসির বকেয়ার পরিমাণ প্রায় ১ হাজার ৫৬৪ কোটি টাকা। তবে সম্প্রতি সরকার সিদ্ধান্ত নিয়েছে, এখন থেকে প্রয়োজনীয় জ্বালানি তেলের মাত্র ২৫ শতাংশই বিমানের কাছে বাকিতে সরবরাহ করা হবে। বাকিটুকু তাদের নগদ মুদ্রায় কিনতে হবে।

দাম কমানোর পক্ষে যুক্তি দেখিয়ে বিমানের ব্যবস্থাপনা পরিচালক বলেন, “আন্তর্জাতিক বাজারে জেট ফুয়েলের দাম প্রতি লিটার ৪৫ মার্কিন সেন্ট হলেও আমদানি করসহ বিমানের কাছে ৬৪ সেন্ট দরে বিক্রি করছে বিপিসি। এমনিতেই লোকসানি প্রতিষ্ঠান বিমানের পক্ষে বাকিতে বা নগদে কোনোভাবেই এতো চড়া দামে তেল কেনা যৌক্তিক নয়।’’

তিনি বলেন, “এ কারণেই আমরা সরকারকে প্রস্তাব দিয়েছি, বিপিসি যেনো এখন থেকে আমাদের আন্তর্জাতিক দামে তেল সরবরাহ করে। এছাড়া বাকিতে তেল দেওয়ার সুবিধা ২৫ ভাগ থেকে বাড়িয়ে ৫০ ভাগ করার জন্যও সরকারকে প্রস্তাব দেওয়া হয়েছে। বিপিসি এ দেশে একচেটিয়া জেট ফুয়েলের ব্যবসা করায় এর বিকল্প কোনো পথও আমাদের কাছে নেই।”

বিপিসিকে বাদ দিয়ে বিকল্প হিসেবে বিমান বিদেশ থেকে তেল কেনার চিন্তা -- ভাবনা করছে কী না, তা জানতে চাইলে এম এ মোমেন বলেন, “আমরা চাই বিপিসির কাছ থেকেই সাশ্রয়ী দামে তেল কিনতে। এতে দেশের টাকা দেশেই থাকছে। তবে রি -- ফুয়েলিং এর জন্য আমাদের বেশ কিছু তেল বিদেশের বিমানবন্দর থেকে নিতে হয়। আন্তর্জাতিক মুদ্রায় সরাসরি হংকং ও ম্যানচেস্টার বিমানবন্দর থেকে তেল কিনলে তা বিমানের জন্য কতোটুকু সাশ্রয়ী হবে, আমরা এখন তা যাচাই করে দেখছি। অন্যান্য বিমানবন্দরের তেলের দরও পরীক্ষা করা হচ্ছে।” 

জাতীয় পতাকাবাহী বিমান পাঁচটি ডিসি -- ১০, চারটি এয়ারবাস এবং চারটি এফ -- ২৮ উড়োজাহাজ দিয়ে ২২টি আন্তর্জাতিক ও তিনটি অভ্যন্তরীণ গন্তব্যে যাত্রী পরিবহন করছে।