২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমদানি ও বিনিয়োগে ধীরগতি

সরকারের চলমান দুর্নীতি ও মজুদদারি বিরোধী অভিযানের কারণে ঋণ গ্রহণ, আমদানি এবং বিনিয়োগে ব্যবসায়ীদের সিদ্ধান্তহীনতা ও ধীরগতি লক্ষ্য করেছে ব্যাংকগুলো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2007, 05:32 AM

Updated : 26 Apr 2022, 02:07 PM

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে চলতি ২০০৬--০৭ অর্থবছরের ফেব্র“য়ারি পর্যন্ত ঋণপত্র (এলসি) খোলার পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ১৪ শতাংশ বেশি হলেও গত ডিসেম্বর থেকে এই হার কমছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি ব্যাংকের এক ব্যবস্থাপনা পরিচালক বলেন, “দুর্নীতি বিরোধী অভিযানের কারণে ব্যবসায়ীরা উদ্বিগ্ন। আমদানির ব্যাপারে অতিরিক্ত চাহিদা নেই, বেসরকারি খাতেও চাহিদা নিুমুখী।”

তিনি জানান, সার্বিক আমদানি পরিস্থিতি নিুমুখী, তবে এটা সাময়িক।

আমদানি চাহিদা স্থিতিশীল থাকায় গত জানুয়ারি থেকে বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রয়েছে। গত এক বছর ধরে সেখানে অস্থিতিশীলতা বিরাজ করছিল।

দেশে প্রধান আমদানি পণ্যের মধ্যে আছে গম, ডাল, চিনি, রসুন, ভোজ্য তেলসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য। পেট্রোলিয়াম, শিল্পকারখানার যন্ত্রাংশ এবং কাঁচামালও আমদানি পণ্য তালিকার একটি বড় অংশ জুড়ে রয়েছে।

পূবালি ব্যাংকের সাবেক ব্যাবস্থাপনা পরিচালক খন্দকার ইব্রাহিম খালেদ জানান, মজুতদারি বিরোধী অভিযান আমদানিকারকদের দমিয়ে দিয়ে থাকতে পারে। তিনি বলেন, “বাজার মন্দা থাকলে ব্যাংকের ব্যবসাও কমে যায়। ব্যবসায়ীদের মাঝে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের ওপর আমদানি চাহিদা বৃদ্ধি নির্ভর করবে।”

তিনি আরও জানান, ব্যাংকের মূল আয়ের উৎস ঋণ দান এবং আমদানি বাণিজ্য। ঋণ দান ও আমদানি কমে গেলে তা ব্যাংকের আয়কেও ক্ষতিগ্রস্ত করে।

প্রাপ্ত তথ্যে দেখা যায় জুলাই--ডিসেম্বর সময় পর্যন্ত বেসরকারি খাতে বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ১১ হাজার ৪২০ কোটি টাকা। গত বছর একই সময়ে ঋণ বিতরণ করা হয়েছে ৮ হাজার ৪৭৪ কোটি টাকা। তবে সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় ঋণ বিতরণের পরিমাণ আরো বেশি হওয়া উচিত ছিল বলে মনে করেন ব্যাংক খাত সংশ্লিষ্টরা।

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মীর নাসির এই পরিস্থিতি সাময়িক বলে জানিয়েছেন। তিনি বলেন, “সন্ধ্যা ৭ টার মধ্যে বিপণী বিতান বন্ধের সিদ্ধান্ত ব্যবসায়িক কর্মকাণ্ডকে ক্ষতিগ্রস্ত করেছে। তবে এটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে।”

ব্যাংকিং খাত স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন অগ্রণী ব্যাংকের প্রধান নির্বাহী সৈয়দ আবু নাসের বুখাতির। তবে ব্যবসায়ীরা যে কোন তত্ত্বাবধায়ক সরকারের আমলেই ধীরে চলতে চান বলে তিনি উল্লেখ করেন।

গত তত্ত্বাবধায়ক সরকারগুলোর সময়কার অভিজ্ঞতা থেকে বুখাতির বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের সময় এ ধরনের পরিস্থিতি স্বাভাবিক।”

মার্কেন্টাইল ব্যাংকের প্রধান শাহ মো. নুরুল আলম জানান, প্রান্তিক চাহিদা এবং ভোক্তার কেনাকাটার চিত্র ধীরগতির হওয়ায় সবমিলিয়ে তা সামগ্রিক অর্থনীতিতে প্রভাব ফেলছে।

তিনি বলেন বলেন, “ব্যাংকিং খাত সামগ্রিক অর্থনীতির চিত্র তুলে ধরে। অর্থনীতি ধীরগতিতে এগুতে থাকলে তার প্রতিক্রিয়া ব্যাংকিং খাতেও দেখা যাবে।”