২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রম আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত গঠনের কথা ভাবছে সরকার

দেশের শিল্প কারখানাগুলোতে ন্যুনতম মজুরিসহ নতুন শ্রম আইনের বাস্তবায়ন নিশ্চিত করার জন্য সরকার ভ্রাম্যমাণ আদালত গঠনের বিষয়টি বিবেচনা করছে। শ্রম মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, দেশে ভেজাল খাদ্যদ্রব্য ও পণ্যসামগ্রীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য গঠিত ভ্রাম্যমাণ আদালত ব্যবস্থা সাম্প্রতিক বছরগুলোতে ব্যাপক সাফল্য পায়। এর পরিপ্রেক্ষিতে পোশাক শিল্পের শ্রমিক প্রতিনিধিসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর দাবির মুখে আগামী ১৪ মার্চ অনুষ্ঠেয় পোশাক শিল্পের শ্রমিক কল্যাণ বিষয়ক টাস্কফোর্স এর বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। আরও জানাচ্ছেন রফিক জামান

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2007, 05:41 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

দেশের শিল্প কারখানাগুলোতে ন্যুনতম মজুরিসহ নতুন শ্রম আইন বাস্তবায়ন নিশ্চিত করার জন্য সরকার ভ্রাম্যমাণ আদালত গঠনের বিষয়টি বিবেচনা করছে। শ্রম মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, দেশে ভেজাল খাদ্যদ্রব্য ও পণ্যসামগ্রীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য গঠিত ভ্রাম্যমাণ আদালত ব্যবস্থা সাম্প্রতিক বছরগুলোতে ব্যাপক সাফল্য পাওয়ায় শ্রম আইন ভঙ্গের জন্যও এই ব্যবস্থা চালু করার জন্য দাবি জানিয়ে আসছে পোশাক শিল্পের শ্রমিক প্রতিনিধিসহ সংশ্লিষ্ট পক্ষগুলো।

আগামী ১৪ মার্চ অনুষ্ঠেয় পোশাক শিল্পের শ্রমিক কল্যাণ বিষয়ক টাস্কফোর্স এর বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন টাস্কফোর্সের চেয়ারম্যান মোহাম্মদ নুরুন্নবী।

জানা গেছে, গত নভেম্বরে মালিক--শ্রমিক ও সরকারের প্রতিনিধি সমন্বয়ে গঠিত পোশাক শিল্পের শ্রমিক কল্যাণ বিষয়ক টাস্কফোর্স এর গত দুটি বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। বিজিএমইএ এর নতুন নির্বাহী কমিটি গঠন প্রক্রিয়া চলার কারণে সংগঠনের অনুরোধে টাস্কফোর্স গত ২৮ ফেব্র“য়ারি পর্যন্ত এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি।

টাস্কফোর্সের চেয়ারম্যান এবং শ্রম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নুরুন্নবী নফহবংি২৪.পড়স -- কে বলেন, ”আগামী বৈঠকে ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে যাচ্ছি।”

তিনি বলেন, ”আগের দুই বৈঠকে এ ব্যাপারে আলোচনা হলেও বিজিএমইএ এর অনুরোধে তা স্থগিত করা হয়।”   

মন্ত্রণালয় সূত্র জানায়, শ্রম আইন বাস্তবায়ন তদারকির জন্য ভ্রাম্যমাণ আদালত ব্যবস্থা চালুর বিষয়টি গত বছর অক্টোবরে পাশ করা আইনে সরাসরি উল্লেখ না থাকায় তা গঠন করতে হলে নতুন করে কিছু আইনী প্রক্রিয়া সম্পাদন করতে হবে। আইন ভঙ্গের কারণে কত জরিমানা হবে বা কি শাস্তি হবে, তা নির্ধারণ করতে হবে।   

এদিকে শ্রম পরিচালক শামসুল আলম নফহবংি২৪.পড়স -- কে জানান, ”ভেজাল বিরোধী ভ্রাম্যমাণ আদালতের সফলতার কারণে শ্রম আইন বাস্তবায়নেও এ আদালত গঠনের বিষয়টি ত্বরান্বিত হয়েছে।”

তিনি বলেন, এ ব্যাপারে মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নিতে আরও দুই মাস প্রয়োজন হবে। এরই মধ্যে আইন মন্ত্রণালয়ের সুপারিশ নেওয়া হবে।

পোশাক শ্রমিক নেতারা জানান, এ আদালত গঠিত হলে পোশাক শিল্প প্রতিষ্ঠানগুলোতে স্বল্পতম সময়ে ন্যুনতম মজুরিসহ শ্রম আইন বাস্তবায়ন করা সম্ভব হবে।

টাক্সফোর্সের শ্রমিক প্রতিনিধি ও পোশাক শ্রমিক নেতা সিরাজুল ইসলাম রনি বলেন, গত বৈঠকগুলোতে ভ্রামমাণ আদালত স্থাপনের জন্য শ্রমিক প্রতিনিধিরা সোচ্চার থাকলেও মালিকপক্ষ বিরোধিতা করে। 

তিনি বলেন, আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে রপ্তানিমুখী তৈরি পোশাক খাতে শ্রম আইন বাস্তবায়নের কোন বিকল্প নেই। বরং এ আইন বাস্তবায়নের অভাবে দেশ থেকে বিদেশ ক্রেতারা সরে যেতে পারে।

প্রসঙ্গত আন্তর্জাতিক ক্রেতারা শ্রম আইন বাস্তবায়নের জন্য দেশীয় পোশাক তৈরি প্রতিষ্ঠানগুলোর ওপর বড় ধরনের চাপ অব্যাহত রেখেছে।

তবে বিজিএমইএ ভ্রাম্যমাণ আদালতের ব্যাপারে তীব্র বিরোধিতা করলেও তাদের প্রকৃত অবস্থান এখনও সরাসরি প্রকাশ করেনি।

এ ব্যাপারে সংগঠনটির সভাপতি এসএম ফজলুল হক মন্তব্য করতে অস্বীকার করে বলেন, “বিজিএমইএ এর নতুন কমিটি এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।”

নাম প্রকাশে অনিচ্ছুক বিজিএমইএ এর সংশ্লিষ্ট বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, নতুন শ্রম আইনে এ আদালত গঠনের কোন নিদের্শনা নেই। এ ধরনের নিদের্শনা তৈরি হলে পোশাক শিল্পগুলো নতুন সংকটে নিমজ্জিত হবে।

দেশে দীর্ঘদিন ধরে প্রচলিত ২৫টি শ্রম আইন বাতিল করে গত বছর অক্টোবরে  “বাংলাদেশ শ্রম আইন, ২০০৬” নামে নতুন শ্রম আইন পাশ করা হয়।