রূপালী ব্যাংকের হস্তান্তর আবার পেছাল
বকেয়া ঋণের ব্যাপারে কোনো সিদ্ধান্ত না হওয়ায় সৌদি যুবরাজের কাছে রূপালী ব্যাংকের হস্তান্তর আরও একবার পিছিয়ে গেছে বলে জানিয়েছে কর্মকর্তারা। বেসরকারিকরণ কমিশনের এক কর্মকর্তা জানিয়েছেন, ব্যাংকের অনাদায়ী ঋণের ব্যাপারে সরকার এবং সৌদি যুবরাজ একটি সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়েছেন।
গত ডিসেম্বরে ব্যাংকটি নতুন মালিকদের কাছে হস্তান্তরের কথা ছিল। পরে এই সময়সীমা মার্চ পর্যন্ত পেছানো হয়।
কর্মকর্তারা এখন বলছেন মে মাসের আগে হস্তান্তর প্রক্রিয়া শেষ করা সম্ভব নয়।
বেসরকারিকরণ কমিশনের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, “গত সপ্তাহ পর্যন্ত ব্যাংকের অনাদায়ী এক হাজার ১২৩ কোটি ৩৫ লাখ টাকা ঋণের বিষয়ে দুই পক্ষ কোনো সমঝোতায় আসতে পারে নি।”
তিনি আরও জানান, নতুন মালিক ব্যাংকের অশ্রেণীকৃত ২৬০ কোটি টাকা, সরকারি প্রতিষ্ঠানগুলোর অনাদায়ী ৭১ কোটি ৫১ লাখ টাকা এবং অন্যান্য প্রতিষ্ঠানের ৩৬০ কোটি টাকা ঋণ ফেরত পাওয়ার ব্যাপারে সরকারের কাছ থেকে নিশ্চয়তা চেয়েছে।
সৌদি যুবরাজের প্রতিনিধিরা অবশ্য রূপালী ব্যাংকের আরো ৪৩২ কোটি ৬৮ লাখ টাকার অনাদায়ী ঋণের ব্যাপারে সরকারের নিশ্চয়তা দেওয়ার দাবি থেকে সরে এসেছে। এই ঋণ আদায়ে আইন অনুসারে পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি তারা আহ্বান জানিয়েছেন।
দুই পক্ষের গত সপ্তাহের বৈঠকের কথা উল্লেখ করে কর্মকর্তা জানান, “সৌদি যুবরাজের প্রতিনিধিরা সরকারি মালিকানাধীন নয় এমন প্রতিষ্ঠানের ৩৫৯ কোটি ৯৪ লাখ টাকার ঋণের ব্যাপারে দ্রুত বন্ড দেওয়ার আহ্বান জানান।”
ঋণের বিষয়ে উভয়পক্ষের মতপার্থক্যের কথা স্বীকার করে সৌদি যুবরাজের স্থানীয় এক প্রতিনিধি নফহবংি২৪.পড়স কে জানান, এটি ছাড়াও কর্মকর্তাদের অবসর ভাতাসহ আরও কিছু অমিমাংসিত বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।
তিনি বলেন, “সমঝোতার বিষয়টি চলমান। আশা করছি মতপার্থক্যগুলো দ্রুত কেটে যাবে।”
গত বছর যুবরাজ বন্দর বিন মোহাম্মদ বিন আব্দুল রহমান আল--সাউদ ৩৩ কোটি ডলারের বিনিময়ে ব্যাংকের ৬৭ দশমিক ৫ ভাগ শেয়ারের মালিকানা লাভ করেন। পরে তিনি অবশিষ্ট ২৬ শতাংশ শেয়ারের জন্য সরকারের কাছে ১২ কোটি ৮০ লাখ টাকার প্রস্তাব দেন। সরকার গত মাসে যুবরাজের কাছে প্রস্তাবিত দামে ব্যাংকের ২৬ ভাগ শেয়ার বিক্রির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।
