জিডিপির চার শতাংশই হারিয়ে যাচ্ছে পরিবেশ বিপর্যয়ে
শুধু পরিবেশগত বিপর্যয়ের কারণেই প্রতি বছর বাংলাদেশের জিডিপির চার শতাংশের সমান পরিমাণ অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। আর এই ক্ষতির বোঝাটা চাপছে মূলত গরীবদের কাঁধেই। বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ঢাকার শেরাটন হোটেলে রোববার “বাংলাদেশ: কান্ট্রি এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস” শীর্ষক এই প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। কৃষি উপদেষ্টা সি এস করিম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রতিবেদনে বলা হয়, ঘরের ভেতরের আর শহরাঞ্চলের বায়ু দূষণ, ঢাকার পানির মান নষ্ট হয়ে যাওয়া এবং নদী ও জলাশয়ের মৎস্য সম্পদ কমে যাওয়ার কারণেই প্রতি বছর বাংলাদেশের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে জিডিপির ২.৭ শতাংশেরও বেশি।
এছাড়া দেশের রোগব্যাধিরও একটি বড় অংশের জন্য পরিবেশ বিপর্যয়কেই দায়ি করা হয়েছে এই প্রতিবেদনে। ডায়রিয়া ও শ্বাসনালীর সংক্রমণসহ ২২ শতাংশ রোগব্যাধি হচ্ছে মূলত পানি ও বায়ূ দূষণের কারণেই। বিশেষ করে ঢাকাবাসীরা বায়ু দূষণ, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং ভু-পৃষ্ঠের পানি দূষণের কারণে মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছে বলেও জানিয়েছে বিশ্ব ব্যাংক।
অভ্যন্তরীন বায়ু দূষণ বেড়ে যাওয়ায় আশঙ্কা প্রকাশ করে প্রতিবেদনে জানানো হয়েছে, দেশের মোট জাতীয় রোগব্যাধির আট শতাংশই হচ্ছে এ কারণে।
আভ্যন্তরীণ বায়ু দূষণ প্রতিরোধে ঘরের বাতাস চলাচলের জন্য উপযুক্ত নির্গমন পথ তৈরি ও শিশুদের অধিকাংশ সময় ঘরের বাইরে রাখার জন্য প্রতিবেদনে পরামর্শ দেওয়া হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, “শুস্ক মৌসুমে পানি অ্যামোনিয়ার মাত্রা বেড়ে যাওয়ায় সায়েদাবাদ পানি শোধনাগারে পানিকে পানযোগ্য করে তোলার প্রক্রিয়া হুমকির মুখোমুখি হচ্ছে। ঢাকার চারপাশের নদী ও খালের পানি জলচর প্রাণীদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে।”
ঢাকার পানি সম্পদের দুর্বল ব্যবস্থাপনার ফলে প্রতিবছর ৬৭০ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হচ্ছে বলে জানানো হয়েছে প্রতিবেদনটিতে।
এতে আরো জানানো হয়, দেশের মোট প্রাণীজ আমিষ চাহিদার দুই-তৃতীয়াংশ আসে মৎস্য সম্পদ থেকে। কিন্তু নানা কারণে এখন প্রায় ৩০ শতাংশ দেশীয় প্রজাতির মাছই হারিয়ে যেতে বসেছে। এর কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে মাছের বিচরণের উপযুক্ত জলাশয়ের পরিমাণ কমে যাওয়া, অতিরিক্ত মাছ শিকার ও জনসংখ্যা বৃদ্ধিকে।
