নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরেক দফা বেড়েছে
খুচরা বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আরেক দফা বেড়েছে। গত শনিবার থেকে ঢাকার বিভিন্ন বাজারে খুচরা পর্যায়ে সয়াবিন তেল, মশুর ডাল আলু ও পেঁয়াজের দাম বাড়ার কথা জানিয়েছে ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশের (টিসিবি) বাজার দর অনুসন্ধান ও গবেষণা সেল।
টিসিবির রোববার প্রকাশিত প্রতিবেদন অনুসারে, সয়াবিন তেল লিটার প্রতি এক টাকা, মশুর ডাল কেজি প্রতি এক টাকা, আলু ও পেঁয়াজের দাম কেজি প্রতি দুই টাকা বেড়েছে। গত বৃহস্পতিবার থেকে পাম অয়েলের দামও কেজি প্রতি এক টাকা বেড়েছে।
শুধু হলুদের দাম গত সপ্তাহে প্রকারভেদে কেজি প্রতি ৫ থেকে ১৫ টাকা পর্যন্ত কমেছে।
টিসিবি’র কর্মীরা মিরপুর--১ বাজার, মোহাম্মদপুর বাজার, কারওয়ান বাজার, নিউমার্কেট বাজার, মৌলভী বাজার, ঠাঠারী বাজার, ফকিরাপুল বাজার ও শাহজাহানপুর বাজারের নিত্য প্রয়োজনীয় পণ্যের খুচরা মূল্যর ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করে।
প্রতিবেদন অনুসারে দেখা যায়, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের দ্বিতীয় মাসে রসুন, চিনি, হলুদ ও শুকনা মরিচ ছাড়া নিত্য প্রয়োজনীয় অন্য সব পণ্যের দাম বেড়েছে।
১১ মার্চ পর্যন্ত গত এক মাসে সবচেয়ে বেশি বেড়েছে পেঁয়াজ, ডিম, মুরগি (ব্রয়লার), আদা, গুঁড়া দুধ, আলু ও সয়াবিন তেলের।
জরিপ অনুযায়ী, গত এক মাসে কেজি প্রতি দেশি পেঁয়াজের দাম ৯ টাকা ও আমদানিকৃত পেঁয়াজের দাম ৫ টাকা বেড়েছে। মানভেদে আদার দাম কেজি প্রতি বেড়েছে ৭ থেকে ৯ টাকা এবং আলুর দাম বেড়েছে ৪ থেকে ৫ টাকা। এছাড়াও আমদানি করা গুঁড়া দুধের দাম কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা বেড়েছে।
অন্যদিকে গত এক মাসে কেজি প্রতি মুরগি (ব্রয়লার) দাম বেড়েছে ২০ টাকা এবং ডিম হালি প্রতি তিন থেকে চার টাকা, সয়াবিন তেল লিটার প্রতি চার থেকে পাঁচ টাকা বেড়েছে ।
কারওয়ান বাজারের খুচরা ব্যবসায়ী রহিম মোল্লা জানান, নতুন সরকার আসার পর পণ্য পরিবহনে খরচ অনেকখানি বেড়ে গেছে। তিনি বলেন, আগের মতো ইচ্ছামাফিক বেশিপরিমাণ পণ্য ট্রাকে ভর্তি করে পরিবহন করা যায় না। এতে পণ্যের দামের ওপর বাড়তি পরিবহন খরচের প্রভাব পড়েছে।
প্রতিবেদন মতে, গত বছরের একই সময়ের তুলনায় হলুদ, চিনি ও আদা ছাড়া সব নিত্য প্রয়োজনী পণ্যের দাম বেড়েছে। গত এক বছরে সবচেয়ে বেশি বেড়েছে পেঁয়াজের দাম। আমদানিকরা পেঁয়াজের দাম বৃদ্ধির হার ১৩১ শতাংশ। আলুর দাম বেড়েছে কেজি প্রতি ৮২ শতাংশ। একই সময়ে সয়াবিন ও পাম তেল এবং মশুর ডালের দাম বেড়েছে প্রায় ৪৩ শতাংশ এবং আটার দাম বেড়েছে প্রায় ৩১ শতাংশ।
উল্লেখ্য, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) গত সপ্তাহের শুরুতে সরকারের কাছে গম, পেঁয়াজ, রসুন, আদা, মশুর ডাল ও গুঁড়া দুধের ওপর শুল্ক হ্রাসের দাবি জানিয়েছে।
এসব পণ্যের আমদানির ক্ষেত্রে আগামী মাসগুলোতে আমদানি ব্যয় বেড়ে যাবে বলে এফবিসিসিআই এর পক্ষ থেকে শঙ্কা ব্যক্ত করেছে।
সরকার গত বৃহস্পতিবার চাল ও গম আমদানির ওপর ৫ শতাংশ শুল্ক হ্রাসের সিদ্ধান্ত ঘোষণা করে। শনিবার উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পাইকারি বাজারের সঙ্গে খুচরা বাজার মূল্যের পাথর্ক্যসহ পণ্যের দাম কমানোর বিভিন্ন উপায় নিয়েও আলোচনা হয়।
পণ্য সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করে রোববার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ সিলকরা গুদামগুলো খুলে দিতে সরকারি কর্মকর্তাদের নিদের্শ দেন।
