দুর্নীতি বিরোধী অভিযানের সুফল পাবেন গরিবরা : সালেহউদ্দিন
বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দুর্নীতিবিরোধী অভিযানের কারণে অর্থনৈতিক অগ্রগতির সুফল পাবেন গরিবরা। এর আগে অর্থনৈতিক অগ্রগতির সুফল ভোগ করত দুর্নীতিবাজরা।
তিনি সোমবার ব্যাংকারদের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন।
বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত ওই বৈঠকে ব্যাংকাররা নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমাদানির গুরুত্ব তুলে ধরেন এবং ঋণপত্র খোলার ক্ষেত্রে মার্জিনের পরিমাণ কমিয়ে আনাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।
সালেহউদ্দিন বলেন, অনেকের মতে দুর্নীতিবিরোধী অভিযান শুরুর পর ব্যবসায়ীদের মধ্যে ভীতির সঞ্চার হওয়ায় দেশের অগ্রগতিতে নেতিবাচক প্রভাব পড়ছে। তিনি মন্তব্য করেন, এ বিষয়ে কিছু বলার সময় এখনো হয়নি।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, “বিনিয়োগের অবস্থা কীরকম হবে সে বিষয়ে এখনই মন্তব্য করা যাচ্ছে না। আমরা অপেক্ষা করে দেখি কী হয়। কেউ কেউ বলছেন অভিযানের ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাবে। তবে এটা কমলেও তা হবে সাময়িক সময়ের জন্য। অভিযানের ফলে দীর্ঘমেয়াদি সুফলই আসবে।”
ব্যাংকাররা দুর্নীতিবিরোধী অভিযানের প্রতি সমর্থন জানাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।
সৎ ব্যবসায়ীদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, সৎ ব্যবসায়ীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হয়রানি করবে না।
ঋণপত্র (এলসি)-র ব্যাপারে তিনি জানান, ফেব্র“য়ারি পর্যন্ত এলসি খোলার হার ছিল নিম্নমুখী। কিন্তু মার্চের শুরুতে এটা ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্য বিশেষ করে পেঁয়াজের আমদানি একটু কম হয়েছে। অন্যান্য পণ্য মোটামুটি ঠিক আছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর এলসি খোলার ব্যাপারে এবং বড় আমদানিকারকদের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি আমদানিকারকদের সুযোগ সুবিধা আরো বাড়ানোর জন্য ব্যাংকারদের বলেন। এছাড়া এলসি খোলার মার্জিন যাতে কমানো যায় সেদিকেও নজর দিতে বলেন তিনি।
খাদ্য আমদানির ব্যাপারে টিসিবির পরিবল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, এরফলে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ বাড়বে এবং অসৎ উপায়ে সুযোগসুবিধা গ্রহণ কমবে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বাণিজ্য ও কৃষি মন্ত্রাণালয়ের সংশ্লিষ্ট বিভাগকে বাজারে পণ্য সরবরাহ যাতে নিয়মিত থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
