ব্যাংকিং খাতের শেয়ারে তেজিভাব
আশানুরূপ গতিশীলতা বজায় রেখে বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো ঢাকার শেয়ার বাজার ছিল চাঙ্গা। তেজিভাব ছিল ব্যাংকিং খাতের শেয়ারে। দিনের মধ্যভাগে এসে লেনদেনে শীর্ষে ছিল রূপালী ব্যাংক।
বেলা পৌনে ১২টায় ডিজিইএন বা ডিএসই সাধারণ সূচক আগের দিনের চেয়ে ১৩ দশমিক ১৭ পয়েন্ট বা দশমিক ৭৬ শতাংশ বেড়ে হয় এক হাজার ৭৩৪ দশমিক ৬৫।
অন্যদিকে সার্বিক সূচক ১৪ দশমিক ১৭ পয়েন্ট বা দশমিক ৯৬ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে এক হাজার ৪৮৬ দশমিক ৭৩।
এ সময়ের মধ্যে দাম বেড়েছে ৮৯টি শেয়ারের, কমেছে ৫০টির। দাম অপরিবর্তিত ছিল ১৯টি প্রতিষ্ঠানের শেয়ারের।
এ সময় পর্যন্ত লেনদেন হয়েছে ২১ কোটি ৯০ লাখ ২ হাজার টাকার শেয়ার। বুধবার দিন শেষে এর পরিমাণ ছিল ৬০ কোটি ৬১ লাখ ৮ হাজার টাকা।
বেলা সাড়ে ১১টা পর্যন্ত লেনদেনে শীর্ষে ছিল রূপালী ব্যাংক। চলতি মাসে ব্যাংকটির ৯৪ ভাগ শেয়ার সৌদি যুবরাজের কাছে হস্তান্তর করা হচ্ছে এমন খবরের প্রেক্ষিতে ব্যাংকটির শেয়ারের চাহিদা ছিল লক্ষণীয়। এর আগে যুবরাজ মার্চের ১৫ তারিখের মধ্যে শেয়ার হস্তান্তরের সময়সীমা বেঁধে দেন।
রূপালী ব্যাংকের শেয়ার দুই হাজার ৪০৫ টাকা ২৫ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৪৯০ টাকায়। আর ব্র্যাক ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ৫০৩ টাকা ২৫ পয়সায়। বুধবার একই শেয়ার লেনদেন হয়েছিল ৪৯৩ টাকা ৫০ পয়সায়।
তবে দাম কমেছে পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের। বুধবার ৪৬৬ টাকা ২৫ পয়সায় লেনদেন হলেও বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৪৬৫ টাকায়।
এদিকে বড় ধরনের ধাক্কা সামলে উঠেছে সরকারি মালিকানাধীন ইস্টার্ন কেবল্স। এর শেয়ার ৬৩০ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে দাঁড়ায় ৬৪১ টাকা ৭৫ পয়সায়। গ্রামীণ ১ মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম ৪৯ টাকা ৩০ পয়সা থেকে কমে হয়েছে ৪৮ টাকা ৯০ পয়সা।
এ ছাড়া ইস্টার্ন ইন্সুরেন্সের লভ্যাংশ প্রদানের সিদ্ধান্তে এর শেয়ারের দাম বেড়েছে দুই দশমিক দুই শতাংশ।
