২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টানা চতুর্থ দিনের মতো চাঙা শেয়ার বাজার

সরকারি কিছু প্রতিষ্ঠানের শেয়ারের চড়া লেনদেনের কারণে টানা চতুর্থ দিনের মতো রোববারও শেয়ার বাজার ছিল চাঙা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2007, 10:39 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

ব্রোকারিজ সংস্থা ইকুইটি পার্টনার সিকিউরিটিজ এর ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম জানান, নগদ মুনাফা উঠে আসলেও দিনশেষে বাজারে খুব একটা পরিবর্তন আসেনি।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিজিইএন বা সাধারণ সূচক ৯ দশমিক ৩১ পয়েন্ট বা দশমিক ৫৩ শতাংশ বৃদ্ধি পেয়ে এক হাজার ৭৩৭ দশমিক ৬৬ এ দাঁড়িয়েছে।

অন্যদিকে ডিএসআই বা সার্বিক সূচক এক দশমিক ৮৮ পয়েন্ট বা দশমিক ১২ শতাংশ বৃদ্ধি পেয়ে হয় এক হাজার ৪৮৮।

ভালোমানের ডিএসই--২০ শেয়ার সূচক সূচক ১৪ দশমিক ০৯ পয়েন্ট বা এক দশমিক ০১ শতাংশ বেড়ে এক হাজার ৪০৩ দশমিক ৮৭ হয়েছে।

ডিএসইতে দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ৫৬ কোটি ১২ লাখ ১০ হাজার টাকা। বৃহস্পতিবার এর পরিমাণ ছিল ৫৪ কোটি ২১ লাখ ৬০ হাজার টাকা।

এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দিন শেষে ১৩ কোটি ৭৪ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সেখানে বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ১২ কোটি ৫৪ লাখ ৭০ হাজার টাকা।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক দশমিক ১৩ শতাংশ কমে হয় চার হাজার ১২৫ দশমিক ০৬ পয়েন্ট। বাজারে ব্যাংক, জ্বালানি এবং মিউচ্যুয়াল ফান্ডসহ সব ধরনের শেয়ারেই ছিল মন্দাভাব। তবে টেক্সটাইল ও আইসিটি খাতের শেয়ারের দাম কিছুটা বেড়েছে।

সিএসই -- ৩০ বা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ভালোমানের শেয়ারের সূচক বেড়েছে। দিন শেষে এক দশমিক ৩৬ শতাংশ বেড়ে হয়েছে তিন হাজার ৪৭০ দশমিক ৩৮ পয়েন্ট। অন্যদিকে বাছাই করা শেয়ার সূচক পয়েন্ট দশমিক ২২ শতাংশ বেড়ে হয় দুই হাজার ৬৩১ দশমিক ৫৮।

ডিএসইতে সরকারি মালিকানাধীন পাওয়ার গ্রিড কোম্পানি পাঁচ কোটি ছয় লাখ ২০ হাজার টাকার লেনদেন করে শীর্ষস্থানে ছিল। মুনাফা তুলে নেওয়ার কারণে এর শেয়ারের দাম দশমিক ৮৭ শতাংশ কমে ৪৫১ টাকা ২৫ পয়সায় লেনদেন হয়েছে।

লেনদেনের দিক দিয়ে দ্বিতীয় স্থানে ছিল এটলাস বাংলাদেশ। এর শেয়ারের দাম ১১ টাকা ৭১ পয়সা বেড়ে ৩৩৮ টাকা ৫০ পয়সা হয়।

অন্যদিকে ডেসকোর শেয়ারের দাম এক দশমিক ০২ শতাংশ কমে হয়েছে ৬২৯ টাকা ৫০ পয়সা। এছাড়া ব্র্যাক ব্যাংকের শেয়ারও কিছুটা পড়েছে। এক দশমিক ৯৬ শতাংশ কমে দিন শেষে ৪৮৬ দশমিক ৫০ টাকায় লেনদেন হয়েছে ব্যাংকটির শেয়ার।

উত্তরা ব্যাংকের শেয়ারের দাম চার দশমিক ৩৭ শতাংশ বেড়ে দুই হাজার ৬৯৬ টাকা ৭৫ পয়সা হলেও কমেছে  গ্রামীণ মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের দাম। বৃহস্পতিবারের চেয়ে এর দাম কমেছে এক দশমিক ৪৩ শতাংশ।

ডিএসইতে রোববার দাম বাড়ায় শীর্ষে ছিল ইস্টার্ন লুব্রিকেন্টস, এটলাস বাংলাদেশ ও পদ্মা অয়েল। দাম কমার দিক থেকে প্রথম দিকে ছিল গাল্ফ ফুডস্, বাংলাদেশ অটো কারস্ এবং ঢাকা ফিশারিজ।

ঢাকা স্টক এক্সচেঞ্জে দাম বেড়েছে ৮১টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬ টির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ৩৪টির দাম বেড়েছে, কমেছে ৫৫টির এবং ১০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিল।