শিল্প কারখানার উদ্বৃত্ত বিদ্যুৎ কেনার নীতিমালা অনুমোদিত
বিদ্যুৎ ঘাটতি রোধে বেসরকারি শিল্প কারখানায় উৎপাদিত উদ্ব্তৃ বিদ্যুৎ কেনার নীতিমালার চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। সোমবার বিকেলে উপদেষ্ঠা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
প্রধান উপদেষ্ঠা ড. ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক বসে।
বৈঠকের পর প্রধান উপদেষ্ঠার প্রেস সচিব ফাহিম মুনেম সাংবাদিকদের জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এখন বিদ্যুৎ কেনার জন্য দরপত্র আহবান করবে। সকল প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পর সরকারের সঙ্গে সর্বনিম্ন দরদাতার চুক্তি স্বাক্ষর হবে। এই চুক্তিপত্রের চূড়ান্ত অনুমোদন দেবে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
বিদ্যুৎ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্বল্পমেয়াদি কর্মসূচির আওতায় বেসরকারি শিল্প--কারখানায় উৎপাদিত বিদ্যুৎ (ক্যাপটিভ পাওয়ার) কেনার ব্যাপারে বিগত সরকার আমলে সম্ভাব্যতা যাচাই করা হয়েছিল। যাচাই প্রতিবেদনে দেশের বেসরকারি খাতে ৬শ মেগাওয়াট বিদ্যুৎ উদ্বৃত্ত আছে বলে উল্লেখ করা হয়। সরকার ওই প্রতিবেদন পর্যালোচনা করে বিদ্যুৎ ক্রয়ের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে যাচ্ছে। এ ব্যাপারে বেসরকারি কোম্পানিগুলোর সঙ্গে চুক্তি করা হবে। সরকার প্রতি ইউনিট বিদ্যুতের গড় ক্রয়মূল্য নির্ধারণ করেছে ২ টাকা ১২ পয়সা।
ইতিমধ্যে ১৮টি বেসরকারি কোম্পানি বিদ্যুৎ বিক্রির জন্য সরকারের কাছে তাদের আগ্রহের কথা জানিয়েছে।
