২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপালী ব্যাংকে ৩০০ জন বিদেশি কর্মকর্তা নিয়োগ দিতে চান সৌদি যুবরাজ

সৌদি যুবরাজ বন্দর বিন মোহাম্মদ বিন আব্দুল রহমান আল--সাউদ রূপালী ব্যাংকের জন্য প্রশিক্ষক ও উপদেষ্টাসহ ৩০০ জন বিদেশির নিয়োগের ব্যাপারে এবং তাদের আয়কর মওকুফের জন্য সরকারের অনুমতি চেয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2007, 10:40 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

বিদেশি কর্মকর্তারা তাদের বেতনের ৯০ ভাগ অর্থ যেন নিজ দেশে পাঠাতে পারেন সে ব্যাপারেও অনুমতি চাওয়া হয়েছে।

বেসরকারিকরণ কমিশনের চেয়ারম্যানের কাছে শনিবার পাঠানো এক চিঠিতে যুবরাজের উপদেষ্টা ফ্রাঙ্ক পিটারস বলেন, “এসব কর্মকর্তাদের বেতনের ৯০ ভাগ অর্থ তাদের দেশে পাঠানোর অনুমতি দেওয়া উচিত।”

রূপালী ব্যাংকের শেয়ারের ক্রয়--বিক্রয় সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের আগে প্রশিক্ষক ও উপদেষ্টাসহ ৩০০ জন বিদেশির আয়কর মওকুফসহ ২১টি বিষয় সমাধানের জন্য চিঠিতে বলা হয়।

অন্যান্য অমিমাংসিত বিষয়ের মধ্যে রয়েছে স্বেচ্ছা অবসর প্রকল্প, অবসরভাতা, আটকে থাকা ঋণ প্রভৃতি।

নাম প্রকাশে অনিচ্ছুক বেসরকারিকরণ কমিশনের এক কর্মকর্তা জানান, “যুবরাজ সরকারের কাছে রূপালী ব্যাংকের জন্য প্রশিক্ষক ও উপদেষ্টাসহ ৩০০ জন বিদেশি নিয়োগের অনুমতি চেয়েছেন। তিনি তাদের (বিদেশিদের) আয়কর মওকুফের জন্যও আবেদন করেছেন।”

কর্মকর্তা  আরও বলেন, আয়কর মওকুফের বিষয়টি রাজস্ব বোর্ডের অধীনে, এক্ষেত্রে কমিশনের করার কিছু নেই।

গত বছর যুবরাজ বন্দর বিন মোহাম্মদ বিন আব্দুল রহমান আল--সাউদ ৩৩ কোটি ডলারের বিনিময়ে ব্যাংকের ৬৭ দশমিক ৫ ভাগ শেয়ারের মালিকানা লাভ করেন। পরে তিনি অবশিষ্ট ২৬ শতাংশ শেয়ারের জন্য সরকারের কাছে ১২ কোটি ৮০ লাখ টাকার প্রস্তাব দেন। সরকার গত মাসে যুবরাজের কাছে প্রস্তাবিত দামে ব্যাংকের ২৬ ভাগ শেয়ার বিক্রির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

নতুন প্রস্তাবের কারণে নতুন মালিকের কাছে রূপালী ব্যাংক হস্তান্তর আরো এক দফা পিছিয়ে গেছে। সৌদি যুবরাজ এর আগে সব সমস্যা সমাধান করে ১৫ মার্চের মধ্যে ব্যাংক হস্তান্তরের সময়সীমা বেঁধে দেন।

কমিশনের কাছে পাঠানো একটি চিঠিতে হুমকি দিয়ে তিনি জানান, অন্যথায় ৪৫ কোটি ৮০ লাখ টাকার বিনিময়ে ব্যাংকের ৯৩ দশমিক ২৬ ভাগ শেয়ার কেনার প্রস্তাবটি তিনি ফিরিয়ে নিতে পারেন।