পণ্যমেলার কেন্দ্র নির্মাণের ব্যাপারে ঢাকায় আসছে চীনা দল
ঢাকায় পণ্যমেলার স্থায়ী কেন্দ্র নির্মাণের ব্যাপারে আলোচনার জন্য আগামী মাসে শুরুতে বাংলাদেশে আসছে একটি চীনা প্রতিনিধি দল।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান সাহাব উল্লাহ নফহবংি২৪.পড়সকে মঙ্গলবার বলেন, “ঢাকায় চীনা দূতাবাস কর্মকর্তারা জানিয়েছেন, আগামী মাসের শুরুতে তাদের প্রতিনিধি দল বাংলাদেশে আসবে।”
তিনি বলেন, চীন সরকার এই কেন্দ্র নির্মাণে প্রাথমিকভাবে ৩০ মিলিয়ন ডলার সহায়তা দিতে রাজি হলেও আগামী মাসের বৈঠকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
২০০৫ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চীন সফরের সময় এ ব্যাপারে দুই দেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। বাণিজ্য মেলার জন্য একটি স্থায়ী অবকাঠামোর প্রয়োজনীয়তা থেকেই এই কেন্দ্র করার উদ্যোগ নেওয়া হয়। অবশ্য চীনের অর্থায়নে নির্মিতব্য মেলাকেন্দ্রে বাণিজ্য মেলার পাশাপাশি সারা বছরই বিভিন্ন পণ্য প্রদর্শনের ব্যবস্থা থাকবে।
ঢাকার শেরেবাংলা নগরে বাংলাদেশ--চীন মৈত্রীর সম্মেলন কেন্দ্রের বিপরীত দিকে এই মেলাকেন্দ্র নির্মাণের জন্য সরকার ৩৯ দশমিক ৪৫ একর জমি বরাদ্দ করেছে। তবে এর মধ্যে ১৮ একর জমির মালিকানা নিয়ে এখনও হাইকোটে মামলা চলছে।
ইপিবি পরিচালক গোলাম মহিউদ্দিন জানান, দুই পর্যায়ে প্রদর্শনী কেন্দ্রটি নির্মাণ করা হবে। পরিকল্পনা অনুযায়ী, প্রথম পর্যায়ে নিষ্কণ্টক ২১ একর জায়গায় মূল কমপ্লেক্স করা হবে।
ইপিবি সূত্র জানায়,এ ব্যাপারে সংশোধীত কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে। প্রথম পর্যায়ে ৩ লাখ ৪০ হাজার বর্গফুট বিশিষ্ট দুইটি প্রদর্শনী হলসহ বিভিন্ন সুবিধা সম্বলিত মূল কমপ্লেক্স নির্মিত হবে।
