শেয়ার বাজারে চলছে তেজিভাব
ব্রাক ব্যাংকসহ ব্যাংকিং এবং জ্বালানি খাতের শেয়ারের দাম বাড়ার মধ্য দিয়ে টানা ষষ্ঠ দিনের মতো শেয়ার বাজারে লেনদেনের তেজিভাব অব্যহত ছিল।
বাংলাদেশ জিপার, এক্সেলসিওর সুজ এবং আমাম সি ফুডের শেয়ারের অস্বাভাবিক দাম বাড়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বিষয়টি তদন্তের জন্য এসব প্রতিষ্ঠানের লেনদেন স্থগিত করে। পরে বেলা পৌনে দ'ুটার সময় তাদের আবার লেনদেনের অনুমতি দেওয়া হয়।
ডিএসইর প্রধান নির্বাহী সালাহ উদ্দীন আহমেদ খান বলেন, “বাজারের অস্বস্তিকর অবস্থা কেটে যাচ্ছে। মানুষ বুঝতে শুরু করেছে যে সরকারের দুর্নীতি বিরোধী অভিযান তাদের হয়রানির জন্য নয়। প্রতিষ্ঠানগুলোর লভ্যাংশ ঘোষণাও বিনিয়োগকারীদের উৎসাহিত করেছে।”
এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং গ্রামীণ১ এমএফ --এর ইয়াওয়ার সাইদ বলেন, “বাজারের লেনদেন চক্রাকারে চলছে। লেনদেনের পরিমাণ মোটামুটি, কারণ সরকারের দুর্নীতিবিরোধী অভিযানের ফলে বিনিয়োগকারীদের একটি বড় অংশ লেনদেনে অংশ নিচ্ছে না।” লভ্যাংশ ঘোষণা বাজারকে উজ্জীবিত রেখেছে বলে তিনি জানান।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিজিইএন বা সাধারণ সূচক ৫ দশমিক ৭২ পয়েন্ট বা দশমিক ৩২ শতাংশ বৃদ্ধি পেয়ে এক হাজার ৭৭৯ দশমিক ৪১ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসআই বা সার্বিক সূচক ২ পয়েন্ট বা দশমিক ১৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৫১৫ দশমিক ৩৭ পয়েন্ট হয়।
ন্যাশনাল ব্যাংকের শেয়ারের দামের পুণনির্ধারণ হওয়ায় ভালোমানের ডিএসই--২০ শেয়ার সূচক ২৬ দশমিক ০৯ পয়েন্ট বা এক দশমিক ৮১ শতাংশ কমে ১৪১৫ দশমিক ৫৩ পয়েন্ট হয়েছে।
ডিএসইতে দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ৬০ কোটি ৮৫ লাখ ৩০ হাজার টাকা। সোমবার এর পরিমাণ ছিল ৬২ কোটি ৪ লাখ ৭০ হাজার টাকা।
এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দিন শেষে ১৩ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সেখানে সোমবার লেনদেন হয়েছিল ১২ কোটি ৩০ লাখ ১০ হাজার টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব শেয়ার সূচক ঊর্ধ্বগামী ছিল। চামড়া ও জুুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান, জ্বালানি খাত, খাদ্য সামগ্রী এবং মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম বাড়ায় সিএসইতে লেনদেন ছিল চাঙা।
ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ব্রাক ব্যাংক ২০ ভাগ লভ্যাংশ ঘোষণা করে এবং শেয়ারপিছু একটি করে বোনাস শেয়ারের ঘোষণা দেয়। তারা ২০০৬ সালে ৩৩ কোটি ৪৩ লাখ টাকা মুনাফার ঘোষণা দেয়।
ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম ৩ দশমিক ৩০ শতাংশ বেড়ে দিন শেষে ৫১৬ টাকা ৫০ পয়সা হয়। তাদের মোট লেনদেনের পরিমাণ ৭ কোটি ৩৪ লাখ ৮০ হাজার টাকা।
ন্যাশনাল ব্যাংকের শেয়ারের দাম পুননির্ধারণ করায় তাদের শেয়ারের দাম ২৭ দশমিক ১৫ ভাগ কমে ৫৯৯ টাকা হয়।
পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম এক দশমিক ১০ শতাংশ বেড়ে ৪৫৬ টাকা ৫০ পয়সা এবং গোল্ডেন সন প্রতিষ্ঠানের প্রাথমিক শেয়ার পাওয়ার কারণে গ্রামীণ১ এমএফ এর শেয়ারের দাম ২ দশমিক ৭২ শতাংশ বেড়ে ৪৯ টাকা হয়েছে।
ডেসকোর শেয়ারের দাম ২ দশমিক ৪৬ শতাংশ বেড়ে ৬৪৫ টাকা ৫০ পয়সা হয়।
মার্কেন্টাইল ব্যাংকের ২৫ ভাগ লভ্যাংশ ঘোষণায় তাদের শেয়ারের দাম ৭ দশমিক ৩৮ ভাগ বেড়ে হয়েছে ৩৭৪ টাকা ৫০ পয়সা ।
ডিএসইতে সোমবার দাম বাড়ায় শীর্ষে ছিল বাংলাদেশ জিপার, এক্সেলসিওর সুজ এবং আমাম সি ফুড। দাম কমার দিক থেকে প্রথম দিকে ছিল ইস্টার্ন লুব্রিকেন্টস, ফার্মা এইড এবং রংপুর ফাউন্ডি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে দাম বেড়েছে ১০৬টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি প্রতিষ্ঠানের শেয়ার।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ৫৭টির দাম বেড়েছে, কমেছে ৩৫টির এবং নয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিল।
