জীবনযাত্রার সঠিক প্রতিফলনের জন্য ভোক্তা মূল্যসূচক পূনর্বিন্যাস করা হতে পারে
দেশের মানুষের খাদ্য ও জীবনযাত্রার ক্ষেত্রে লক্ষনীয় যে পরিবর্তন এসেছে, প্রকৃত প্রতিফলনের জন্য ভোক্তা মূল্যসূচক পূনর্বিন্যাসের চিন্তাভাবনা করছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
মঙ্গলবার নফহবংি২৪.পড়স কে একথা জানিয়েছেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উপ মহাপরিচালক মো. জোবদুল হক।
তিনি বলেন, “মানুষের জীবনযাপনে পরিবর্তন এসেছে। তার প্রকৃত প্রতিফলনের জন্য আমরা ভোক্তা মূল্যসূচক পূনর্বিন্যাস করতে চাচ্ছি।”
দশ বছর আগের হিসাব অনুযায়ী বর্তমানে ভোক্তা মূল্যসূচক তৈরি করা হয়। এই নিয়ে প্রচুর সমালোচনা আছে। কারণ গত দশ বছরে গ্রাম ও শহরের জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন এসেছে।
বাংলাদেশ পরিসংখ্যান বুরো ১৯৯৫-’৯৬ সালকে ভিত্তি বছর ধরে বর্তমানে ভোক্তার মূল্যসূচক নির্ধারণ করে। এ প্রক্রিয়ায় শহরাঞ্চলের জন্য ৩০২ রকমের পণ্য এবং গ্রামাঞ্চলের জন্য ২৭৯ রকমের পণ্য নিয়ে ভোক্তা মূল্যসূচক তৈরি করা হয়। এসব পণ্যের মধ্যে নেই মোবাইল ফোনসহ জীবনযাত্রার সঙ্গে নতুন যুক্ত হওয়া অনেক পণ্য।
জোবদুল হক বলেন, গত দশ বছরে বিশেষ করে শহরাঞ্চলের জীবনযাপন ও খ্যাদ্যাভাসে পরিবর্তন এসেছে।
“মোবাইল ফোনের ব্যবহার বেড়েছে ব্যাপকভাবে। ফাস্ট ফুড ও জিনসের ব্যবহারও বেড়েছে। এছাড়া এই সময়ের মধ্যে আরও অনেক পণ্যের ব্যবহার শুরু হয়েছে,” বলেন তিনি।
ভোক্তা মূল্যসূচক পূনর্র্র্র্বিন্যাস করা হলে এসব পণ্য অন্তর্ভূক্ত হবে বলে জোবদুল হক মনে করেন।
একটি সুত্রে জানা গেছে, ২০০৫ সালের ‘হাউজহোল্ড ইনকাম ও এক্সপেনডিচার’ জরিপ অনুযায়ী ভোক্তার মূল্যসূচক পূনর্বিন্যাস করা হবে। এজন্য ২০০৫-’০৬ সালকে ভিত্তি বছর হিসেবে ধরা হবে।
সূত্র জানায়, জীবনযাপনে নতুন পণ্য যুক্ত হওয়ায় জিনিসপত্রের দাম প্রতি মাসেই বাড়ছে। এসব পণ্য পরিসংখ্যান ব্যুরোর হিসাবের মধ্যে না থাকায় মুদ্রাস্ফীতিতে এর সঠিক প্রতিফলন দেখা যাচ্ছে না।
গত ডিসেম্বরে মাসে মুদ্রাস্ফীতির হার ছিল ছয় দশমিক ১৩ শতাংশ। জানুয়ারিতে কমে পাঁচ দশমিক ৯৪ শতাংশে দাঁড়িয়েছে।
অন্যদিকে বার্ষিক হিসাবেও মুদ্রাস্ফীতি হার গত ডিসেম্বরের ছয় দশমিক ৭৭ শতাংশ থেকে কমে চলতি বছরের জানুয়ারিতে ছয় দশমিক ৭২ শতাংশে দাঁড়ায়।
