ফ্রেইট ফরোয়ার্ডিং এজেন্টদের লাইসেন্স জটিলতার অবসান
বৈদেশিক বাণিজ্যে পণ্য পরিবহণের ক্ষেত্রে মধ্যস্থতাকারী ফ্রেইট ফরোয়ার্ডিং এজেন্টদের ব্যবসা অবশেষে বৈধতা পেতে যাচ্ছে আগামী মাস থেকে। জাতীয় রাজস্ব বোর্ডের নীতিমালা অনুযায়ী লাইসেন্স নিয়ে ব্যবসা করতে সম্মত হয়েছে ফ্রেইট ফরোয়ার্ডিং এজেন্টদের দুটি সংগঠন ইন্টারন্যাশনাল ফ্রেইট ফরোয়ার্ডিং অ্যাসোসিয়েশন ও অ্যাসোসিয়েশন অফ কার্গো এজেন্টস বাংলাদেশ।
তবে ৩১ মার্চ পর্যন্ত লাইসেন্স ছাড়াই ব্যবসা করার অনুমতি পেয়েছে তারা। এ সময় প্রতি আমদানি চালানে এক হাজার ৫০০ টাকা করে আদায় করতে পারবে তারা।
বুধবার যৌথবাহিনীর উপস্থিতিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং বন্দর সংশ্লিষ্ট শিপিং কোম্পানিসমূহের প্রতিনিধি, ফ্রেইট ফরোয়ার্ডিং অ্যাসোসিশেন ও অ্যাসোসিয়েশন অফ কার্গো এজেন্টস, বাংলাদেশ-এর প্রতিনিধিদের সঙ্গে রাজস্ব বোর্ডের সদস্যদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
২০০৬ সালের ৭ জুন জাতীয় রাজস্ব বোর্ডের জারি করা এক নির্দেশনায় ফ্রেইট ফরোয়ার্ডিং এজেন্টদের লাইসেন্স বাধ্যতামূলক করা হয়। কিন্তু লাইসেন্স সংক্রান্ত নীতিমালা সম্পর্কে আপত্তি থাকায় ফ্রেইট ফরোয়ার্ডিং অ্যাসোসিয়েশন এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা করে।
এর আগে গত ৪ মার্চ চট্টগ্রাম বন্দরে অনুষ্ঠিত এক বৈঠকে লাইসেন্স চালুর ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবারের সভায় ফ্রেইট ফরোয়ার্ডিং এজেন্টদের বিভিন্ন আপত্তি তুলে ধরার সুযোগ দেওয়া হয় এবং এ ব্যাপারে কিছুটা ছাড় দেওয়ার আশ্বাস পাওয়ায় তারাও মামলা তুলে নিতে রাজি হয়।
এই সভায় রাজস্ব বোর্ডে জারি করা সেই আদেশ (এসআরও---১০৭) কিছুটা সংশোধন করার সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন নীতিমালায় দেশীয় ফ্রেইট ফরোয়ার্ডিং এজেন্টদের লাইসেন্সের জামানত ১৫ লাখ টাকা থেকে কমিয়ে ৫ লাখ টাকায় নির্ধারণ করা হয়। এছাড়া লাইসেন্স ফিও খানিকটা কমানোর আশ্বাস দেওয়া হয়েছে। এছাড়া বিদেশী এবং যৌথ ফ্রেইট ফরোয়ার্ডিং কোম্পানিগুলোর লাইসেন্স ফি ও জামানতসহ কিছু বিষয় পুনর্বিবেচনারও আশ্বাস দিয়েছে রাজস্ব বোর্ড।
এ ব্যাপারে অ্যাসোসিয়েশন অব কার্গো এজেন্টস অব বাংলাদেশ সভাপতি সাইফুর রহমান বুধবার নফহবংি২৪.পড়স বলেন, “চলতি মাসের মধ্যে রাজস্ব বোর্ড নতুন সংশোধনী আনলে অবশ্যই আমরা আগামী মাস থেকে লাইসেন্সের মাধ্যমে ব্যবসা করব।”
তিনি বলেন, বর্তমান রাজস্ব বোর্ডের জারি করা লাইসেন্স আদেশ এর মধ্যে কিছু অসামঞ্জস্য রয়েছে। এসব ব্যাপারে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পোশাক শিল্প মালিকদের সমিতি বিজিএমইএ এর পরিচালক এবং বন্দর ও শিপিং উপদেষ্টা এম মাহবুব চৌধুরী যৌথবাহিনীর বন্দর কেন্দ্রিক কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, “যৌথবাহিনীর হস্তক্ষেপে ফ্রেইট ফরওয়ার্ডিং এজেন্টদের মাধ্যমে আমদানিকারকদের কাছ থেকে শিপিং দলিলাদির নামে চার্জ আদায় বন্ধ হয়েছে। ফলে ইতোমধ্যে চালান আমদানিতে খরচ হ্রাস পেয়েছে।”
আগামী মাসে লাইসেন্স প্রথা চালু হলে ফ্রেইট ফরোয়ার্ডিং এজেন্টদের দুটি সমিতি আর থাকবে না। বাণিজ্য মন্ত্রণালয়ের ২০০৫ সালের সিদ্ধান্ত এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির নিয়ম অনুসারে দেশে একই ক্ষেত্রে দুইটি সমিতি থাকতে পারে না। বুধবারের বৈঠকে তাই এ দুটি সমিতি আগামী মাস থেকে একীভূত হওয়ার ব্যাপারেও সম্মত হয়েছে।
