দ্বিতীয় দিনের মতো শেয়ার বাজার চাঙ্গা
বেশি মুনাফা প্রাপ্তির আশায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিনিয়োগকারীদের দৃষ্টি এখন আকর্ষণীয় শেয়ারের দিকে। তাই বিনিয়োগকারীরা বিদ্যুৎ এবং ব্যাংকের ভালোমানের শেয়ারের দিকেই বেশি ঝুঁকছেন। বদৌলতে বুধবার দ্বিতীয় দিনের মতো ডিএসই ছিল চাঙ্গা।
দিনের মধ্যভাগে এসে ডিজিইএন বা ডিএসই এর সাধারণ সূচকের কাটা ২০ দশমিক ৩৯ পয়েন্ট বা এক দশমিক ১৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৮৪ দশমিক ৫৩ এ।
অন্যদিকে সার্বিক সূচক কাটায় যোগ হয়েছে আরও ১১ দশমিক ৪০ পয়েন্ট বা দশমিক ৭৬ শতাংশ। এর ফলে বর্তমানে সূচক কাটা অবস্থান করছে এক হাজার ৫০০ দশমিক ৯৮ এর ঘরে।
এসময়ের মধ্যে লেনদেন হয়েছে ২২ কোটি ৩১ লাখ ৩০ হাজার টাকার। মঙ্গলবার দিনশেষে এই পরিমাণ ছিল ৬২ কোটি ৬০ লাখ ৩৪ হাজার।
লেনদেনের দিক দিয়ে দাম বেড়েছে ১০০টির, কমেছে ২১টির এবং আটটির শেয়ার রয়েছে আগের অবস্থানে।
বেলা ১১টার দিকে পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৪৭৮ টাকায়। মঙ্গলবার এর মূল্য ছিল ৪৭২ টাকা ২৫ পয়সা।
এ ছাড়া ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম ৫২০ টাকা ৭৫ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৫৩০ টাকায়। আর রূপালী ব্যাংকের শেয়ার ২ হাজার ৫৯৭ টাকা ৫০ পয়সা থেকে কমে এখন ২ হাজার ৫২৯ টাকা ৭৫ পয়সায় লেনদেন হয়।
চলতি মাস নাগাদ রূপালী ব্যাংকের মালিকানা সৌদি যুবরাজের কাছে হস্তান্তরের খবরে গত তিনদিন ব্যাংকটির শেয়ার লেনদেনে ছিল উর্ধ্বগতি। সৌদি যুবরাজ ৪৬ কোটি ডলারের বিনিময়ে ব্যাংকটির ৯৪ শতাংশ সরকারি শেয়ার কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছে।
উত্তরা ব্যাংক প্রতি শেয়ারের বিপরীতে ২০ শতাংশ লভ্যাংশ এবং একটি করে শেয়ার বোনাস দেওয়ার ঘোষণায় এর শেয়ারের মূল্য এক লাফে ২ হাজার ৪৫৩ টাকা থেকে বেড়ে ২ হাজার ৫২৯ টাকা দাঁড়ায়।
এ ছাড়া ভিওআইপির লাইসেন্স প্রদানের গুজবে ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান অগ্নি সিস্টেমের শেয়ারেও প্রভাব পড়েছে। এর ৩৭ টাকা ৮০ পয়সার শেয়ার বুধবার লেনদেন হয়েছে ৩৮ টাকা ৮০ পয়সায়।
ডিএসই-- ২০ বা ভালোমানের শেয়ারের মধ্যে ১০টির দাম বেড়েছে, কমেছে তিনটির এবং বাদবাকী কোম্পানির শেয়ার অপরিবর্তিত রযেছে।
বেলা ১১ টার দিকে লাভজনক কোম্পানিগুলোর শীর্ষে ছিল বাংলাদেশ ল্যাম্প। এর শেয়ারের দাম ৬ টাকা বেড়ে ৫১৪ টাকায় লেনদেন হয়েছে। অপর দিকে লোকসানি প্রতিষ্ঠানের মধ্যে প্রাইম ব্যাংকের শেয়ারের দাম পৌনে ৫ টাকা কমে ৫৪০ টাকায় লেনদেন হয়েছে।
