মুন্সীগঞ্জে আলুর উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা
চলতি বছরে আলুর উৎপাদন কমে যাওয়ায় বিএডিসিকে দায়ি করছেন মুন্সীগঞ্জের আলু চাষীরা। আর বাংলাদেশ কৃষি মন্ত্রণালয় ও কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) দাবি করছেন এর মূল কারণ কৃষকদের অদক্ষতা ও অসচেতনতা। আলুর উৎপাদন আসলে কমবে না বলেই দাবি তাদের।
এ ধরনের পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে মুন্সীগঞ্জের মহাখালী ইউনিয়নের আলু চাষী আর বিএডিসি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে।
আলু চাষীরা বলছেন, চলতি অর্থ বছরে এ অঞ্চলে আলুর ফলন কমে গত বছরের তুলনায় অর্ধেকে এসে দাঁড়াতে পারে। ফলে অবধারিতভাবে বেড়ে যাবে দাম।
তাদের অভিযোগ, বিএডিসির সরবরাহ করা নিুমানের আলু বীজ এবং স্থানীয় বাজারের নিুমানের কীটনাশকের কারণে আর্থিকভাবে ক্ষতি হচ্ছে তাদের। চাষীদের কেউ কেউ আবার এই ক্ষতির কারণ হিসেবে বেসরকারি আমদানীকারক এবং কোল্ড স্টোরেজগুলোকেও দায়ি করছেন। তাদের যুক্তি বেসরকারি আমদানিকারকরাও নিুমানের বীজ সরবরাহ করেছেন আর কোল্ড স্টোরেজগুলো তাদের বীজ যথাযথভাবে সংরক্ষণ করেনি।
অন্যদিকে কৃষি মন্ত্রণালয় এবং বিএডিসি কর্তৃপক্ষ কিন্তু মোটেই একমত নন আলু চাষীদের এই অভিযোগের সঙ্গে। তাদের দাবি, এ মৌসুমে মুন্সিগঞ্জে আলুর উৎপাদন তো কমবেই না, বরং কমপক্ষে এক লাখ মেট্রিক টন বাড়বে। মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী গত মৌসুমে মুন্সিগঞ্জে আট লাখ ৪৫ হাজার ৮৩৭ মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছিল। উল্লেখ্য, সারা দেশের মোট আলু উৎপাদনের ৪০ শতাংশই হয় এ অঞ্চল থেকে।
মুন্সিগঞ্জে কর্মরত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ---পরিচালক জ্যোতিন্দ্র চন্দ্র মোদক জানান, মুন্সিগঞ্জের কোথাও কোথাও উৎপাদন কিছুটা কমেছে , তবে সেটা সব এলাকার জন্য সত্যি নয়। তাছাড়া এ বছর নতুন করে এক হাজার ৬০০ হেক্টর জমি আলু চাষের আওতায় আসায় আসলে উৎপাদন গতবারের চেয়ে বাড়বে বলেই বিশ্বাস করেন তিনি।
আলু উৎপাদন কমে গেলেও তার জন্য বিএডিসিকে দায়ি করা মোটেই উচিত হবে না বলে মনে করেন কৃষি উপদেষ্টা সি এস করিম। তার যুক্তি, “মুন্সীগঞ্জের চাষীদের চাহিদার মাত্র তিন শতাংশ বীজ সরবরাহ করে কর্পোরেশন, নিুমানের বীজের কারণে উৎপাদন কমে গেলে তাদের কেন দায়ি করা হবে?”
দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়ে তিনি জানান, উৎপাদন কমে যাওয়ার কারণ তৃণমূল পর্যায়ে খতিয়ে দেখবে তার মন্ত্রণালয়।
মুন্সীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে মুন্সীগঞ্জে ৬৪ হাজার মেট্রিক টন আলু বীজের চাহিদা ছিল। এর মধ্যে বিএডিসি সরবরাহ করে মাত্র একহাজার ৯৬৫ মেট্রিক টন। বেসরকারি আমদানিকারকরা সরবরাহ করেছে অন্তত ১৩ হাজার মেট্রিকটন এছাড়া বাদবাকী ৪৯ হাজার মেট্রিকটন বীজ স্থানীয় কৃষকরাই উৎপাদন করেছেন।
মুন্সীগঞ্জের মহাখালী ইউনিয়নের আলু চাষী অলি মিয়া জানান, গত বছর চার বিঘা জমিতে চাষ করে তিনি পেয়েছিলেন ৮০০ মন আলু। তবে এ বছর বিএডিসির নিুমানের বীজের কারণে ফলন কমে অর্ধেক হয়ে যেতে পারে। অথচ এবার আরও দুই বিষা বেশি জমিতে আলু চাষ করেছিলেন তিনি।
ফলন কমে যাওয়ায় এ বছর অন্তত এক লাখ টাকা ক্ষতি হয়ে যাবে বলে আশঙ্কা করছেন অলি মিয়া।
শঙ্কিত দক্ষিণ মহাখালীর আলু চাষী আবুল কালামও। বিএডিসির নিুমানের বীজ ও কোল্ড স্টোরেজ ব্যবস্থাপকদের দোষারোপ করে তিনি বলেন, গত বছরের তুলনায় এ বছর তিনি অন্তত ১০০ মন আলু কম পাবেন। এছাড়া স্থানীয় বাজার থেকে কিনে আনা কীটনাশকও নিুমানের ছিল বলে অভিযোগ তার।
একই অভিযোগ বিল্লাল হোসেন খানের। তিনি জানান, বিএডিসির বীজ ব্যবহারের কারণে তার প্রায় ৭০ শতাংশ আলুই পচে গেছে।
আর দেলোয়ার হোসেনের অভিযোগ, তাদের নিজেদের উৎপাদন করা আলু বীজও যথাযথভাবে সংরক্ষণ করা যাচ্ছে না কোল্ড স্টোরেজমালিকদের অসহযোগিতার কারণে। এ জন্য তারা বাড়তি টাকা দাবি করেন বলে জানান তিনি।
তবে আলু চাষীদের এ সব অভিযোগ মানতে চান না জ্যোতিন্দ্র মোদক। গত রোববারেও কিছু এলাকা পরিদর্শন করে বলে দাবি করে তিনি জানান, হেক্টর প্রতি ২৪ থেকে ৩৬ মেট্রিক টন আলু উৎপাদিত হচ্ছে। তার মতে এই ফলনকে বেশ ভালোই বলতে হবে।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মনির উদ্দিনও দাবি করেন, কৃষকদের অনেকেই মিথ্যা কথা বলছে। আসলে কৃষি ঋণ পরিশোধ করার সময়সীমা বাড়িয়ে নিতেই তারা এ কৌশলের আশ্রয় নিচ্ছে বলে মনে করেন তিনি।
এদিকে কৃষি মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে মুন্সীগঞ্জে আলুর উৎপাদন ব্যাহত হওয়ার জন্য ‘সিব’ নামে রোগকে দায়ি করা হয়েছে। তবে ভাইরাসজনিত এই রোগের জন্য আলু বীজকে দায়ি করা যাবে না বলে উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে। নিুমানের বীজ সরবরাহের অভিযোগ অস্বীকার করে উল্টো ফলন কমে যাওয়ার জন্য কৃষকদেরই দায়ি করেছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা, “কৃষকরা নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট পরিমাণে সার প্রয়োগ করেননি, যথাযথভাবে সেচও দেননি।”
একটি বেসরকারি সংস্থার উদ্ধৃতি দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, গত বিশ বছর ধরে মুন্সীগঞ্জের বেশিরভাগ কৃষক ডায়মণ্ড নামের এক ধরনের নিুমানের বীজ ব্যবহার করে আসছে। নেদারল্যাণ্ডস থেকে আমদানি করা ওই বীজে ‘লেইট ব্লাইট’ নামে একটি ভাইরাসজনিত রোগ চিহ্নিত করা হয়েছে। তবে এ বছর ফলন ভালো হবে বলেই আশা প্রকাশ করা হয়েছে প্রতিবেদনটিতে।
