২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৮ বছর ধরে একই বেতন কাঠামোতে ইপিজেড শ্রমিকরা

রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড) শ্রমিকদের নূন্যতম মজুরি গত ১৮ বছর ধরে একই রকম রয়ে গেছে। ইপিজেড শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) গত বছরের অক্টোবরে বেশ কয়েকটি কমিটি করলেও তাদের প্রস্তাব এখনো আলোর মুখ দেখেনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2007, 06:16 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

বেপজা চেয়ারম্যান অবশ্য বলেছেন, আগামী ছয় মাসের মধ্যে নতুন নূন্যতম মজুরি কাঠামো ঘোষণা হতে পারে। মজুরি কাঠামো পুনর্বিন্যাসে ছোট প্রতিষ্ঠানগুলোর বাধা রয়েছে বলে স্বীকার করেন তিনি।

বেপজা সূত্র জানায়, ইপিজেড শ্রমিকদের মজুরি কাঠামো পরিবর্তনের জন্য গত অক্টোবর মাসে শ্রমিক--মালিক-- বেপজার প্রতিনিধিদের নিয়ে ১৪টি কমিটি গঠন করা হয়। এসব কমিটি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের নিয়োজিত শ্রমিকদের জন্য আলাদা আলাদা মজুরির প্রস্তাব তৈরি করছে।       

এ ব্যাপারে বেপজার নির্বাহী চেয়ারম্যান আশরাফ আবদুল্লাহ ইউসুফ নফহবংি২৪.পড়স কে বলেন, “গত ১৮ বছরে ইপিজেড এ বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। বাইসাইকেল কোম্পানির শ্রমিক এবং গার্মেন্টস শ্রমিকদের মজুরি এক হতে পারে না। ফলে বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিকদের জন্য ভিন্ন ভিন্ন মজুরি কাঠামো তৈরি করা জটিল ও সময়সাপেক্ষ।”

তিনি বলেন, “আগামী ছয় মাসের মধ্যে নতুন নূন্যতম মজুরি কাঠামো ঘোষণা করার সম্ভবনা রয়েছে। তবে বড় বিনিয়োগকারীরা এই ব্যাপারটিতে আপত্তি না করলেও ছোট প্রতিষ্ঠানগুলো থেকে এক ধরনের বাধা আছে।”

বেপজার নির্বাহী চেয়ারম্যান জানান, বর্তমানে ইপিজেড শ্রমিকরা চাকুরিচ্যুতির পর কিছু সুবিধা পেলেও তাদের গ্রাচুইটি দেওয়া হয় না। নতুন কাঠামোতে এ ধরনের বিভিন্ন বিধান সংযোজনের চেষ্টা করা হচ্ছে।

বেপজা সূত্র জানায়, গত মাসের শেষদিকে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের বিনিয়োগকারী সমিতির সভাপতি কিহাক সাং বেপজা চেয়ারম্যানের সঙ্গে নতুন নুন্যতম মজুরি নিয়ে বৈঠক করেছেন।

এদিকে ঢাকা ইপিজেডের তিস্তা হাই ফ্যাশনের নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক প্রতিনিধি বলেন, “শ্রমিক প্রতিনিধি হয়েও মজুরি কাঠামো নিয়ে আমাদের কথা বলার অধিকার নেই।”

তিনি বলেন, ঢাকা ইপিজেড এ শ্রমিক বিদ্রোহের পর বিভিন্ন আইন কানুনের মাধ্যমে সুপারভাইজারসহ উচ্চ পদস্থদের বিভিন্ন ধরনের আর্থিক সুবিধা বেড়েছে। অথচ শ্রমিকরা কোনো সুবিধা পায়নি।

অবশ্য ডলারের ভিত্তিতে ইপিজেড শ্রমিকদের বেতন নির্ধারিত হওয়ায় টাকার অবমূল্যায়নের কারণে গত ১৮ বছরে শ্রমিক বেতন কিছুটা বেতন বেড়েছে বলে তিনি জানান।

১৯৮৯ সালের বেপজা নিদের্শনা--১ ও ২ অনুযায়ী নির্ধারিত কাঠামো অনুযায়ী এখনও মজুরি পাচ্ছেন শ্রমিকরা। এরপর ২০০৪ সালে বেপজা মজুরির বিষয়ে নতুন একটি নির্দেশনা তৈরি করলেও বিনিয়োগকারীদের মামলার কারণে উচ্চ আদালতে তা স্থগিত হয়ে যায়।