২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতিবিরোধী অভিযানের কারণে শেয়ার বাজারে লেনদেনে মন্দা

 দুর্নীতিবিরোধী অভিযানের কারণে বিদ্যুৎ কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও ব্যাংকের শেয়ার কেনার পরিমাণ কমে যাওয়ায় রোববার শেয়ার বাজারে মন্দা দেখা দেয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2007, 08:53 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

এছাড়া, ঢাকার শেয়ার বাজারের চারটি প্রতিষ্ঠানের লেনদেন স্থগিত করায় তা শেয়ার বাজারে নেতিবাচক প্রভাব ফেলে।

ব্যাংক ও শেয়ার বাজারে প্রতারণা ও দুর্নীতির ব্যাপারে তথ্য সংগ্রহে সরকারের তৎপরতায় আতঙ্কের সৃষ্টি হয় পুঁজিবাজারে।

এ প্রসঙ্গে নামপ্রকাশে অনিচ্ছুক এক দালাল বলেন, “প্রতারক ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরকারের অভিযান লেনদেনে পরোক্ষভাবে প্রভাব ফেলে। বিদ্যুৎ, মিউচুয়াল ফান্ড ও ব্যাংকের শেয়ার থেকে লভ্যাংশ তুলে নেওয়ার কারণেও শেয়ার বাজার প্রভাবিত হয়।”

তিনি আরও জানান, মার্চেন্ট ব্যাংকগুলো ঋণ দানের ক্ষেত্রে সামঞ্জস্য বিধান করায় বাজারে এর প্রভাব পড়ে। গত মাসের মাঝামাঝি শেয়ার বাজার ঊর্ধ্বমুখী হতে শুরু করার পর থেকে মার্চেন্ট ব্যাংকগুলো তাদের ঋণ দানের সীমা বাড়িয়েছিল।

নামপ্রকাশে অনিচ্ছুক এক শেয়ার বাজার বিশ্লেষক বলেন, “যৌথবাহিনী কয়েকজন বিনিয়োগকারী সম্পর্কে তথ্য সংগ্রহ শুরু করায় এদের অনেকেই নতুন শেয়ার কেনা বন্ধ করে দেন।”

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) শেয়ার সূচকের পতন ঘটে তথ্যপ্রযুক্তি, মিউচূয়াল ফান্ড, জ্বালানি, সিমেন্ট ও ব্যাংকের শেয়ারের দাম কমার কারণে।

দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ ছিল ৮৯ কোটি ৬২ লাখ ৩০ হাজার টাকা, বৃহস্পতিবার যা ছিল ৮৭ কোটি ৭০ লাখ টাকা। অন্যদিকে, সিএসইতে লেনদেন হয় ২২ কোটি ২২ লাখ ১০ হাজার টাকা, বৃহস্পতিবার যার পরিমাণ ছিল ১৯ কোটি ৬৮ লাখ ৪০ হাজার টাকা।

ডিজিইএন বা ডিএসইর সাধারণ সূচক ৩৫ দশমিক ৮৯ পয়েন্ট বা ১ দশমিক ৯৮ শতাংশ কমে হয়েছে ১,৭৭১ দশমিক ৪২ পয়েন্ট।

ডিএসআই বা সার্বিক সূচক ২২ দশমিক ৪৮ পয়েন্ট বা ১ দশমিক ৫০ শতাংশ কমে দাঁড়ায় ১,৪৭৫ দশমিক ৭০ পয়েন্টে।

ভালো মানের ডিএসই - ২০ শেয়ার সূচক ১৯ দশমিক ৭৫ পয়েন্ট বা ১ দশমিক ৩২ শতাংশ কমে হয়েছে ১,৪৭০ দশমিক ৬০ পয়েন্ট।

শেয়ার বাজারে লেনদেনে মন্দাভাব সম্পর্কে ডিএসইর প্রধান নির্বাহী সালাউদ্দীন আহমেদ খান বলেন, “চারটি প্রতিষ্ঠানের লেনদেন স্থগিত করায় বিনিয়োগকারীরা সতর্ক হয়েছে। এসব শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে বলে আমাদের মনে হয়েছে। এ ব্যাপারে আমরা বিনিয়োগকারীদের সতর্ক সঙ্কেত পাঠিয়েছি।”

ডিএসই এ ঘটনা তদন্তে বাংলাদেশ জিপার, বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম, লেক্সকো ও সালেহ কার্পেটের শেয়ারের লেনদেন কিছু সময়ের জন্য Ÿন্ধ রাখে। তবে পরে আবারও এগুলো লেনদেনের জন্য উন্মুক্ত করা হয় সাড়ে ১২ টার দিকে ।

লেনদেনের ক্ষেত্রে শীর্ষ অবস্থানে থাকা বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানি এবং (পিজিসিবি) ব্র্যাক ব্যাংকের শেয়ারের মূল্য যথাক্রমে ৩ দশমিক ৫৮ শতাংশ কমে ৪৩৬ টাকা ৭৫ পয়সা ও ৫ দশমিক ৬৯ শতাংশ কমে ৫০০ টাকা ৭৫ পয়সা হয়।

সরকার সৌদি যুবরাজের কাছে বাকি ২৬ শতাংশ শেয়ার বিক্রির প্রস্তাব দিয়ে চিঠি পাঠানোয় রূপালী ব্যাংকের শেয়ারের দাম ৩ দশমিক ৫৫ শতাংশ বেড়ে ২,৩০৩ টাকা হয়েছে।

লভ্যাংশ তুলে নেওয়ার ফলে ডেসকো এবং গ্রামীণ এমএফ১ এর শেয়ারের দাম কমেছে। সরকারি শেয়ারের অংশবিশেষ বাজারে ছাড়ার গুজবে ইস্টার্ন কেবলসের শেয়ারের দাম ৩ দশমিক ৩৪ শতাংশ বেড়ে ৫৫৬ টাকা ৭৫ পয়সা হয়।

ডিএসইতে লাভবানদের তালিকায় প্রথমদিকে ছিল লেক্সকো, বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম ও অ্যাপেক্স ফুড। বাংলাদেশ ওয়েল্ডিং, শ্যামপুর সুগার ও জিল বাংলা ছিল ক্ষতিগ্রস্তদের তালিকায় প্রধান।

রোববার ডিএসইর ৫৮টি শেয়ারের দাম বাড়ে, ১৪৪টির কমে এবং ১২টির দর ছিল অপরিবর্তিত।

অন্যদিকে, সিএসইর ২৫টি শেয়ারের দর বাড়ে, ৮৬টির কমে এবং ৫টির দর ছিল অপরিবর্তিত।