২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিএমইএ নির্বাচন রোববারই অনুষ্ঠিত হবে : নির্বাচন বোর্ড

তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ-- এর দ্বিবার্ষিক পরিচালনা পর্ষদ গঠনে রোববার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছে সংগঠনের নির্বাচন বোর্ড। এর আগে সংগঠনের এক সদস্য ভোটার তালিকায় জটিলতার অভিযোগ তুলে আদালতের শরণাপন্ন হলে নির্ধারিত তারিখে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে কিছুটা অনিশ্চয়তা দেখা দেয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2007, 08:51 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

নির্বাচন পরিচালনা বোর্ড এর চেয়ারম্যান লে. কর্নেল (অব.) আনিসুজ্জামান শনিবার বিকেলে নফহবংি২৪.পড়স কে বলেন, “আগামীকাল শান্তিপূর্ণভাবে ঢাকা ও চট্টগ্রামে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।”

উল্লেখ্য, বিজিএমইএ সদস্য শেখ জাহাঙ্গীর আলম ভোটার তালিকায় ত্রুটি থাকার অভিযোগ করে গত বৃহস্পতিবার ঢাকা জেলা চতুর্থ সিনিয়র সহকারি জজ আদালতে মামলা করলে রোববার নির্বাচন হবে কিনা সে ব্যাপারে অনিশ্চয়তা তৈরি হয়।

মামলা হওয়ার কথা স্বীকার করে লে. কর্নেল (অব.) আনিসুজ্জামান বলেন, “এ ব্যাপারে বিজিএমইএ নেতারা দেশের বিশিষ্ট আইন বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে আশ্বস্ত হয়েছেন যে এ ধরনের মামলার কারণে নির্বাচন বন্ধ হতে পারে না।”

নির্বাচন বোর্ডের সদস্য আব্দুল হক নফহবংি২৪.পড়স  কে জানান, সরকারের বাণিজ্য সংগঠন বিধিমালা ১২/৮ ধারা অনুসারে যে কোন সমিতির নির্বাচন সংক্রান্ত জটিলতায় কারণে প্রথমে ‘ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির’ (এফবিসিসিআই) আরবিট্রেশন ট্রাইবুনালে (সালিশি আদালত)  আবেদন করতে হয়। সেখানে মীমাংসা না হলে পরে অন্য আদালতে মামলা করতে হয়। তিনি জানান, আরবিট্রেশন ট্রাইবুনালে বিজিএমইএ--এর নির্বাচন নিয়ে কোন আবেদন পড়েনি।    

বিজিএমইএ সূত্র জানায়, মামলার ব্যাপারে সংগঠনের আইনজীবী জেনিফার কে জাব্বার বিশিষ্ট আইনজ্ঞ ড. কামাল হোসেন এবং ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদের পরামর্শ নিয়েছেন।

চার বছর পর ষষ্ঠবারের মতো রোববার পোশাক শিল্পের এই সংগঠনটির সরাসরি ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঢাকা ও চট্টগ্রামে পোশাকশিল্প মালিকরা রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট দিয়ে সংগঠনের ২৭ জন পরিচালক নির্বাচিত করবেন।

বোর্ড জানিয়েছে, জরুরি অবস্থার মধ্যে নির্বাচন অনুষ্ঠানে কোনো সমস্যা নেই। এবারের নির্বাচনে ছবিসহ ভোটার পরিচয়পত্র, প্রার্থীদের ছবিসহ ব্যালট পেপার এবং কম্পিউটারে ভোট গণনা করা হবে।

২০০৭-০৮ দুই বছর মেয়াদি পরিচালনা পর্ষদের নির্বাচনে সাবেক সভাপতি টিপু মুনশির নেতৃত্বে সম্মিলিত পরিষদ এবং সাবেক সহ সভাপতি আনোয়ার পারভেজ চৌধুরীর নেতৃত্বে ফোরাম প্যানেল নামে দুটি প্যানেলে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিজিএমইএ সূত্র জানায়, গত দুই মেয়াদে বিজিএমইএ  নির্বাচনে সরাসরি ভোট অনুষ্ঠিত হয়নি। এর আগে পাঁচবার সরাসরি ভোটের মধ্যে চারবার সম্মিলিত পরিষদ এবং একবার ফোরাম নেতা আনিসুর রহমান সিন্হাসহ যৌথ প্যানেল বিজয়ী হয়।

বোর্ড জানায়, এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ২ হাজার ৪১১ জন। এদের মধ্যে ঢাকায় ১ হাজার ৮৯৬ জন এবং চট্টগ্রামে ভোটার ৫১৫ জন।

পোশাক মালিকরা জানান, নির্বাচনে অতীতের পরীক্ষিত নেতাদেরই জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। উভয় প্যানেলের মধ্যে তীব্র প্রতিযোগিতা হবে বলে আশা করা হচ্ছে।