হালুয়াঘাটের বালি মাটিতে স্বর্ণের গুড়া!
জেলার সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলার দক্ষিণ খয়রাকুড়ি গ্রামের বালি মাটিতে সোনার গুড়া পাওয়ার গুজব ছড়িয়ে পড়েছে। তবে স্থানীয় স্বর্ণকাররা বিভিন্নভাবে পরীক্ষার পর বালিতে মিশ্রিত সোনালী রংয়ের এ গুড়া স্বর্ণ নয় বলে মতামত দিয়েছেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে গ্রামটির একটি ইটভাটার মাটিতে স্বর্ণের গুড়ার মতো দেখে ভাটার মালিক জাফর আলী খান যৌথবাহিনীর ক্যাম্পে খবর দেন। খবর পেয়ে ময়মনসিংহ জেলা প্রশাসক মো. শামসুল আলম ঘটনাস্থলে গিয়ে এ বালি মাটি সংগ্রহ করে ময়মনসিংহে নিয়ে আসেন। সন্ধ্যায় তা স্থানীয় একাধিক স্বর্ণকারের কাছে পাঠানো হয় পরীক্ষার জন্য। এ ঘটনাকে কেন্দ্র করে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয় সর্বস্তরে। সাংবাদিকরা সন্দ্যার পর থেকেই খবরের জন্য অপেক্ষা করতে থাকেন। তবে শেষপর্যন্ত পরীক্ষার পর জানা যায় এগুলো স্বর্ণের গুড়া নয়।
জেলা প্রশাসক মো. শামসুল আলম বলেন, বিষয়টি আরও নিশ্চিত হওয়ার জন্য এই মাটি খনিজ মন্ত্রণালয়ে পাঠানো হবে। এলাকাটি ঘিরে রেখেছে আইন--শৃংখলা বাহিনীর সদস্যরা।
