সুবিধাজনক পরিস্থিতিকে কাজে লাগিয়ে রাজস্ব আদায় করুন: অর্থ উপদেষ্টা
দেশের বর্তমান সুবিধাজনক পরিস্থিতি কাজে লাগিয়ে রাজস্ব আদায় জোরদার করতে রাজস্ব কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম।
তিনি অবশ্য সরকারি ক্ষমতার অপব্যবহার না করার ব্যাপারে কর্মকর্তাদের সতর্ক করে দেন।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কার্যালয়ে বৃহস্পতিবার রাজস্ব কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে মির্জ্জা আজিজুল ইসলাম সাংবাদিকদের বলেন, “সেবার মান বাড়ানোর পাশাপাশি অর্পিত দায়িত্বের অপব্যবহার না করার জন্য আমি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি।”
এনবিআর চেয়ারম্যান বদিউর রহমান সাংবাদিকদের বলেন, “ গত একমাসে কোনো মহল থেকে আমাদের ওপর চাপ আসেনি। এই সুযোগ কাজে লাগানোর জন্য কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।”
এনবিআরের তথ্য অনুসারে চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই থেকে জানুয়ারি) রাজস্ব প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ২১ শতাংশ থাকলেও অর্জিত হয়েছে মাত্র ৯ দশমিক ২৩ শতাংশ।
অর্থ উপদেষ্টা বলেন, “প্রবৃদ্ধির মাত্রা আশানুরূপ না হলেও আশংকাজনক নয়।”
মূল্য সংযোজন কর এবং আয়করের প্রবৃদ্ধি হার সন্তোষজনক বলে তিনি দাবি করেন। উপদেষ্টা বলেন, রাজনৈতিক পরিস্থিতির কারণে আমদানি--রপ্তানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়ায় আবগারি শুল্ক থেকে আয়ের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। চলতি অর্থবছর শেষে রাজস্ব প্রবৃদ্ধি ১৪ থেকে ১৫ শতাংশ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বৈঠক শেষে এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব বোর্ড এখন যে কোনো ধরনের প্রভাবমুক্ত। এই পরিবেশকে সম্পূর্ণভাবে কাজে লাগানো উচিত কর্মকর্তাদের। তিনি বলেন,“কর্মকর্তাদের এখন রাজস্ব আদায়ের ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তি বা মহল থেকে চাপের অজুহাত দেওয়ার কোন সুযোগ নেই।”
এক প্রশ্নের জবাবে বদিউর রহমান জানান, দুর্নীতি দমন কমিশন তাদের তালিকাভুক্ত দুর্নীতিবাজদের সম্পর্কে এখন পর্যন্ত কোনো নথিপত্র এনবিআরের কাছে চায়নি।
প্রসঙ্গত, চলতি অর্থবছরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৪১ হাজার ৫৫ কোটি টাকার বিপরীতে আদায় হয়েছে মাত্র ১৮ হাজার ৭৬৯ কোটি ৩৯ লাখ টাকা। গত অর্থবছর রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ৩৩ হাজার ৯৮৬ কোটি ৯১ লাখ টাকা।
