২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেয়ার বাজারে দ্বিতীয় দিনের মতো চাঙ্গা ভাব

ব্যাংকিং আর তথ্যপ্রযুক্তি খাতের কল্যাণে মঙ্গলবার টানা দ্বিতীয় দিনের মতো চাঙ্গা ছিল শেয়ার বাজার। কয়েকটি ব্যাংকের ডিভিডেন্ট ঘোষণা আর অবৈধ ভিওআইপি বাণিজ্যের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা গ্রহণের সুবাদে তথ্যপ্রযুক্তি সেক্টরে বইতে থাকা সুবাতাসের প্রভাবে দেশের দুটি স্টক এক্সচেঞ্জে লেনদেনসহ প্রায় সবধরনের সূচকেই ঊর্ধগতি ছিল এদিন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2007, 08:19 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

আগের দিনের ৮২ কোটি ৯৮ লাখ ৯০ হাজার টাকা থেকে বেড়ে এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন দাঁড়িয়েছে ১০১ কোটি টাকা। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আগের দিনের ২০ কোটি ৩১ লাখ টাকা থেকে বেড়ে মঙ্গলবার লেনদেন হয়েছে ২৫ কোটি ৬২ লাখ টাকার।

ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ শেয়ারসূচক ২ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ ২২দশমিক ২১-এ। ডিএসআই বা সকল শেয়ারসূচক ১০ দশমিক ৩৯ শতাংশ বা ৫ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে হয়েছে ১৫০৩.৪৬। আর শূন্য দশমিক ৯৮ শতাংশ বা ১৪ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে ডিএসই-২০ ব্লু চিপ সূচক এখন ১৪৮০ দশমিক ১৮ এ।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সকল শেয়ার সূচক শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে হয়েছে ৪১৫১ দশমিক ৮৭, আর সিএসই-৩০ ব্লু চিপ সূচক শূন্য দশমিক ০৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮৮ দশমিক ৮১। কেবল সিএসসিএক্স বা সিএসইর বাছাই শেয়ার সূচক শূন্য দশমিক ১৮ শতাংশ কমে হয়েছে ২৬৯১ দশমিক ৩৫।

সিরামিক, তথ্যপ্রযুক্তি আর রিয়াল এস্টেট সেক্টরেই ছিল সবচেয়ে তেজিভাব। সিরামিক ১০ দশমিক ৩৪ শতাংশ, তথ্যপ্রযুক্তি খাতে ৬.১১ শতাংশ আর রিয়াল এস্টেট খাত এগিয়েছে ৪.৫৬ শতাংশ।

নিুগতি ছিল বিদ্যুত খাত আর মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে। জ্বালানি খাতে সব মিলিয়ে ১ দশমিক ৫ ভাগ কমেছে সূচক। তবে ১ দশমিক ৮৬ শতাংশ কমে বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম ৪৭৩ টাকা ৭৫ পয়সায় দাঁড়ালেও মঙ্গলবার সবচেয়ে বেশি ৮ কোটি ৮৭ লাখ টাকার লেনদেন হয়েছে তাদেরই শেয়ার।

এ ক্ষেত্রে দ্বিতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম ৩ শতাংশ কমে হয়েছে ৫৫৭ টাকা ৫০ পয়সা।

তবে লেনদেনে তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা প্রথম মিউচুয়াল ফান্ড ও গ্রামীণ---১ মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম কমেছে।

অন্যদিকে বোর্ড সভায় ডিভিডেন্ট ঘোষণা করা হচ্ছে এমন খবরে ন্যাশনাল ব্যাংকের শেয়ারের দাম বাড়ে। ৫ দশমিক ৭৩ শতাংশ বেড়ে মঙ্গলবার তা বিক্রি হয়েছে ৮২০ টাকায়। ঢাকা ব্যাংক ১০ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস শেয়ার দেওয়ার ঘোষণা দেওয়ার পর বেড়েছে তাদের শেয়ারের দামও। শূন্য দশমিক ৩৭ শতাংশ বেড়ে মঙ্গলবার তা ছিল ৪৬৭ টাকা।

ভিওআইপির বিরুদ্ধে সরকারের কঠোর ব্যবস্থা গ্রহণের সুবাদে তথ্যপ্রযুক্তি খাতে ভালো দিন আসছে, এমন একটা ধারনা ছড়িয়ে পড়ায় বেড়েছে এ খাতের শেয়ারগুলোর দামও। দেশের সবচেয়ে বড় ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর একটি অগ্নি সিস্টেমসের শেয়ারের দাম ১১ দশমিক ৮২ শতাংশ বেড়ে হয়েছে ৩৫ টাকা। এদিন ৩ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে তাদের। ইনটেক অনলাইনের শেয়ারের দামও ১১ দশমিক ৭৮ শতাংশ বেড়ে হয়েছে ২৭ টাকা ৫০ পয়সা।

এছাড়াও বেড়েছে মেটালেক্স কর্পোরেশন, রেনউইক জা ও রাসপিট ডাটার শেয়ারের দাম। আর কমেছে সাইনো বাংলা, পদ্মা প্রিন্টার্স ও আইসিবি ইসলামী মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম।

ঢাকা স্টক এক্সচেঞ্জে ১২৫টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, ৭১টির কমেছে আর অপরিবর্তিত ছিল ১৩টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ৫৯টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, ৩৯টির কমেছে আর ২টির অপরিবর্তিত ছিল।