ঢাকায় বহুমুখী পাটপণ্য মেলা শুরু
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট প্রাঙ্গণে ১২ দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলা শুরু হয়েছে। এ মেলায় প্রায় ৪০টি স্টলে পাটের সুতা থেকে তৈরি কাপড় এবং পাট থেকে তৈরি স্কুল ব্যাগ, দরজা জানালার পর্দাসহ বিভিন্ন পণ্য পাওয়া যাবে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।
মঙ্গলবার এ প্রদর্শনীর উদ্বোধন করেন কৃষি সচিব আব্দুল আজিজ। একই সময়ে তিনি পাট বহুমুখী শিল্প উদ্যোক্তা সেবা কেন্দ্রেরও উদ্বোধন করেন।
পাটের বহুমুখী ব্যবহার বাড়ানো এবং চাহিদা অনুসারে সরবরাহ ব্যবস্থা করতে শিল্প উদ্যোক্তা এবং তাঁতীদের সহায়তার জন্য ইউরোপীয় কমিশনের আর্থিক সহায়তায় এই সেবা কেন্দ্র স্থাপিত হয়েছে। আন্তর্জাতিক পাট গবেষণা প্রতিষ্ঠান আইজেএসজি এবং কমন ফান্ড ফর কমডিটিস (সিএফসি) এর আর্থিক সহায়তায় “পাট বহুমূখীকরণ পণ্য উন্নয়নে ক্ষুদ্র শিল্পোদ্যাক্তাদের সহায়তা” শীর্ষক প্রকল্পের আওতায় এই সেবা কেন্দ্র থেকে সংশ্লিষ্ট বিভিন্ন অঞ্চলের তাঁতীসহ ক্ষুদ্র শিল্পোদ্যাক্তাদের সহায়তা করা হবে।
গত বছর নরসিংদীতে এ ধরনের প্রথম সেবা কেন্দ্রটি চালু করা হয়েছিল। ওই কেন্দ্রের সহায়তায় তাঁতীদের তৈরি পণ্য বিপণনের উদ্দেশ্যেই প্রদর্শনীটির আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আন্তর্জাতিক পাট গবেষণা প্রতিষ্ঠান আইজেএসজির সেক্রেটারি সরওয়ার কামাল এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব আব্দুর রশীদ।
