২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে চাঙ্গা ভাব

দিনের শুরুতে কিছুটা মন্দাভাব থাকলেও তা কাটিয়ে উঠতে খুব একটা সময় নেয়নি ঢাকা শেয়ার মার্কেট। ঘণ্টাখানেকের মধ্যেই বিদ্যুৎ, মিউচুয়াল ফাণ্ড এবং ব্যাংকিং খাতের শেয়ারের বদৌলতে স্টক মার্কেট আবারও তার চলমান স্বাভাবিক গতি ফিরে পায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2007, 01:51 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

নাম প্রকাশে অনিচ্ছুক এক বাজার বিশ্লেষক বলেছেন, যৌথবাহিনীর সাম্প্রতিক অভিযানের কারণে বিনিয়োগকারীদের মধ্যে গতকাল পর্যন্ত উদ্বেগ ছিল। কিন্তু এর স্থায়ীত্ব খুব বেশি সময়ের জন্য ছিল না।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সহ--সভাপতি আহমেদ রশিদ লালি গতকালের বাজার সম্পর্কে বলেন, “কোনো কোনো বাণিজ্যিক ব্যাংকের ঋণের হিসাব--নিকাশ গতকালের বাজারকে অস্থিতিশীল করে তুলেছিল।

বেলা ১২টার দিকে ডিজিইন বা ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক ছিল ঊর্ধ্বমুখী। এসময়ের মধ্যে সূচক ৯ দশমিক ৩১ পয়েন্ট বা দশমিক ৫১ শতাংশ বেড়ে দাঁড়ায় এক হাজার ৮১২ দশমিক ২২। রোববার সূচকের কাটায় এই পয়েন্ট ছিল এক হাজার ৮০২ দশমিক ৯৮।

এসময়ের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের হার বেড়েছে ১১ দশমিক ৪৯ পয়েন্ট বা দশমিক ৭৭ শতাংশ। দিনের শুরুতে এ হার ছিল এক হাজার ৪৭৪ দশমিক ০৬।

সব মিলিয়ে ৭৮টি শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৭৩টির এবং স্থিতাবস্থায় রয়েছে ১৬টি।

শেয়ার লেনদেনের গতি ধরে রেখে এখনও মার্কেট নিয়ন্ত্রণ করছে বিদ্যুৎ, মিউচ্যুয়াল ফাণ্ড এবং ব্যাংকিং কোম্পানিগুলো। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৪১ কোটি ১২ লাখ ৪০ হাজার টাকা। রোববার ছিল ১০৬ কোটি।

ভালো মানের শেয়ারের মধ্যে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি), ডেসকো, গ্রামীণ- ১ মিউচ্যুয়াল ফাণ্ড, ব্র্যাক ব্যাংক বেলা ১১টা ৫০ মিনিট পর্যন্ত নিয়ন্ত্রকের আসনে ছিল।

পাওয়ার গ্রিডের শেয়ারের দাম ৪৬৪ টাকা ৭৫ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪৮৪ টাকা ৫০ পয়সায়। এছাড়া ডেসকোর দাম ৬২৪ টাকা ৫০ পয়সা থেকে এক লাফে বেড়ে হয়েছে ৬৪২ টাকা ৫০ পয়সা। গ্রামীণ-- ১ এর শেয়ার ৫১ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।

আগে ৫৭৫ টাকা ৫০ পয়সায় ব্র্যাক ব্যাংকের শেয়ার লেনদেন হলেও সোমবার সকালে এ দাম বেড়ে হয়েছে ৫৮৩ টাকা।

দাম বেড়েছে এআইএমএস এর শেয়ারেরও। এর এক টাকা মূল্যমানের শেয়ার বিক্রি হয়েছে ১ টাকা ৫৮ পয়সায়।

এ ছাড়া ইউসিবিএল, ইস্টার্ন কেবলস্ এর শেয়ারের দামও বেড়েছে। দিনের শুরুতে সাউথইস্ট ব্যাংক কিছুটা হোচট খেলেও টেক্সটাইল এবং অগ্নি সিস্টেম এখনও দাম বৃদ্ধির উর্ধ্বগতির ধারা ধরে রেখেছে।