২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বহু আশ্বাসেও স্থলবন্দর হয়নি চিলাহাটী

সাবেক নৌ--পরিবহন মন্ত্রীর ঘোষণা, সাবেক বাণিজ্য উপদেষ্টা ও বাণিজ্য সচিবের আশ্বাসের পরও চিলাহাটী স্থলবন্দর প্রতিষ্ঠার কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2007, 08:20 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

স্থানীয় ব্যবসায়ী নেতারা বলছেন, চিলাহাটিতে স্থলবন্দর চালু হলে সমগ্র উত্তরাঞ্চলে ব্যবসা--বাণিজ্যে গতি সঞ্চারের পাশাপাশি সরকার পাবে বিপুল অংকের রাজস্ব। কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে কয়েক হাজার লোকের।

চিলাহাটী স্থলবন্দর বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবু মুসা মাহমুদুল হক বলেন, “স্থলবন্দর বাস্তবায়িত হলে ভারতসহ পার্শ্ববর্তী নেপাল ও ভুটান পর্যন্ত ব্যবসা প্রসারিত হবে। চিলাহাটী স্থলবন্দরের কারণে  উত্তরাঞ্চলের সর্ববৃহৎ শিল্প এলাকা উত্তরা ইপিজেডে প্রাণ সঞ্চার হবে।”

নীলফামারীর ডোমার উপজেলা সদর থেকে মাত্র ১৯ কিলোমিটার দূরে চিলাহাটী। দেশ বিভাগের আগে থেকে পাকিস্তান শাসনামল পর্যন্ত চিলাহাটী ছিল ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু। সে কারণে ষাটের দশকের গোড়ার দিকে গঠিত বৃহত্তর রংপুরের মার্চেন্ট সমিতির দপ্তর ছিল সেখানে।

১৯৬৫ সালে পাক--ভারত যুদ্ধের পর চিলাহাটীর সঙ্গে ভারতের সঙ্গে রেল ও সড়ক যোগাযোগ বন্ধ করে দেওয়া হলেও চেকপোস্ট ও ইমিগ্রেশন অফিস এখনও চালু আছে।

২০০৪ সালের ৯ জুন সংসদ অধিবেশনে বাগেরহাট-- ২ আসনের সাবেক সাংসদ এমএএইচ সেলিমের প্রশ্নের জবাবে সাবেক নৌ পরিবহন মন্ত্রী আকবর হোসেন জানান, নীলফামারীর চিলাহাটীসহ দেশে আরও ছয়টি নতুন স্থলবন্দর প্রতিষ্ঠার কাজ খুব শিগগিরই শেষ করা হবে।

এরপর নীলফামারী চেম্বারের একটি প্রতিনিধি দল ২০০৫ সালের জানুয়ারি মাসে সাবেক বাণিজ্য উপদেষ্টা বরকত উল্ল¬াহ বুলু এবং মার্চ মাসে সাবেক বাণিজ্য সচিব সোহেল আহমেদের সঙ্গে সাক্ষাৎ করলে তারাও দ্রুত চিলাহাটী স্থলবন্দর প্রতিষ্ঠার আশ্বাস দেন।

কিন্তু দীর্ঘদিনেও এ ধরনের কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ।

দেশের দুটি বিভাগীয় শহর রাজশাহী ও খুলনার সঙ্গে চিলাহাটীর সরাসরি রেল যোগাযোগ রয়েছে। যমুনা সেতুর কারণে পার্ব্বতীপুর পর্যন্ত নির্মিত হয়েছে মিশ্র গেজ রেলপথ। চিলাহাটী পর্যন্ত খুব সামান্য খরচেই মিশ্র গেজ রেলপথ স্থাপন করে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শহরে পণ্য আনা নেওয়া সম্ভব।

১৯৯৭ সালের শেষ দিকে চিলাহাটী থেকে ভারতের হলদিবাড়ী পর্যন্ত রেল যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপনের উদ্যোগ নেওয়া হয়। বাংলাদেশ অংশে এজন্য ৮ দশমিক ১০ কিলোমিটার রেল লাইন স্থাপনের জন্য সাড়ে চার কোটি টাকা বরাদ্দও দেওয়া হয়েছিল। তবে ৯ বছরে আর কোনো অগ্রগতি হয়নি।

নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের নেতারা উত্তরা ইপিজেডে বিদেশি বিনিয়োগকারীদের পরিবহন সুবিধা দিতে চিলাহাটী স্থলবন্দর প্রতিষ্ঠার জোর দাবি জানিয়েছেন।

তারা বলেন, জেলায় কমপক্ষে দু’শ আমদানি ও রপ্তানিকারক দর্শনা, সোনা মসজিদ, বেনাপোল ও বুড়িমারী স্থলবন্দর দিয়ে বেশি ব্যয়ে ভারতের সঙ্গে বাণিজ্য করছেন। চিলাহাটী স্থলবন্দর চালু হলে এক্ষেত্রে ৩৫ থেকে ৪০ শতাংশ পরিবহন খরচ কমে যাবে।

নীলফামারী চেম্বার সভাপতি সোহেল পারভেজ জানান, স্থলবন্দর কর্তৃপক্ষের নির্দেশে নীলফামারীর সাবেক জেলা প্রশাসক চিলাহাটী স্থলবন্দর প্রতিষ্ঠার জন্য ২০০৩ সালের ১২ মে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন সংশ্লি¬ষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠান। স্থলবন্দর কর্তৃপক্ষ একই বছর ২৪ জুন একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেয় নৌ পরিবহন মন্ত্রণালয়ে।

চেম্বার সভাপতি বলেন, “চিলাহাটী স্থলবন্দর বাস্তবায়িত হলে উত্তরা ইপিজেড এবং সৈয়দপুর বিসিক শিল্পনগরীতে বিনিয়োগ বাড়বে। বছরে রাজস্ব আয় হবে কমপক্ষে ১০০ কোটি টাকা।”