সরকারি সেবা সংস্থার জবাবদিহিতা নিশ্চিত করতে বিশ্বব্যাংকের সুপারিশ
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনের জন্য বাংলাদেশে সরকারি সেবাসমূহের স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে কেন্দ্রীয় সরকার, সেবা সংস্থাসমূহ এবং স্থানীয় সরকারের কার্যকর অংশীদ্বারিত্ব প্রয়োজন। “সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা ছুঁয়ে এবং তারও পরবর্তীতে : বাংলাদেশের প্রেক্ষাপটে জবাবদিহিতা এবং প্রাতিষ্ঠানিক উদ্ভাবন” --শীর্ষক বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদনে এ অভিমত জানানো হয়েছে।
ঢাকায় বিশ্বব্যাংকের কার্যালয়ে বৃহস্পতিবার প্রতিবেদনটি উপস্থাপন করেন সংস্থার শীর্ষ মানব উন্নয়ন বিশেষজ্ঞ ড. কায়সার খান। প্রতিবেদনটিতে বলা হয়, স্বাস্থ্য ও শিক্ষার মতো বিভিন্ন সেবা প্রদানের ক্ষেত্রে স্থানীয় সরকার ও জনগণকে অন্তর্ভুক্ত করে একটি ভারসাম্যপূর্ণ পদ্ধতি প্রতিষ্ঠা করা সম্ভব। জবাবদিহিতা ও স্বচ্ছতা থাকলে নাগরিকরা তাদের প্রাপ্য সেবার মান সম্পর্কে সচেতন থাকে, এবং সেবা প্রদানকারীদের নিয়মিতভাবে তাদের মতামতও জানাতে পারে। এ ভাবে একটি নির্দিষ্ট মানদণ্ড পর্যন্ত সেবার মান নিশ্চিত করা সম্ভব।
প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিশ্ব ব্যাংকের কান্ট্্ির ডিরেক্টর জু শিয়েন বলেন, “সরকারি সেবার জবাবদিহিতা ও স্বচ্ছতা বাড়ানো সম্ভব হলে মাতৃ মৃত্যু ও শিশু পুষ্টির মতো কঠিন লক্ষ্যসহ এমডিজি লক্ষ্যমাত্রার অনেকগুলোই বাংলাদেশের পক্ষে অর্জন করা সম্ভব।”
শহরের বস্তিবাসীদের জন্য শিক্ষা ও স্বাস্থ্য সেবা অভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, “এক্ষেত্রে সরকারের নীতিতে বড় ধরনের পরিবর্তন না ঘটলে এবং নতুনভাবে গুরুত্ব না দেওয়া হলে, বাংলাদেশের পক্ষে এমজিডি অর্জন করা কঠিন হয়ে উঠবে।”
এশিয়া উন্নয়ন ব্যাংকের আবাসিক প্রতিনিধি হুয়া দু, জাতীয় পিআরএসপি সমন্বয়ক ড. কাজী মেজবাহুদ্দিন আহমেদ, পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রির্সাচ সেন্টারের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান, গণস্বাস্থ্য কেন্দ্রের ডা. জাফরুল্লাহ চৌধুরী এবং এডুকেশন ওয়াচ-এর সদস্য সচিব রাশেদা কে চৌধুরীও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
প্রতিবেদনটিতে স্বাস্থ্য সেবা খাতে জবাবদিহিতা নিশ্চিতকরণে গণস্বাস্থ্য কেন্দ্রের উদাহরণ তুলে ধরা হয়েছে। এই প্রতিষ্ঠানটিতে প্রতিটি মাতৃত্বকালীন মৃত্যু ও কিছু সুনির্দিষ্ট শিশু মৃত্যুর ক্ষেত্রে কমিউনিটি ভিত্তিক মৌখিক ময়না তদন্ত পদ্ধতি ব্যবহার করা হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের নির্বাচিত মহিলা সদস্যের সভাপতিত্বে একটি প্রকাশ্য সভায় গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মীগণ, সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনগণের উপস্থিতিতে গণস্বাস্থ্য কেন্দ্রের কাজ ও কর্মচারিদের কর্মদক্ষতার মূল্যায়ণ করা হয়। এই প্রক্রিয়ায় বাংলাদেশের স্বাস্থ্যসেবা প্রদানকারী দ্বিতীয় বৃহত্তম প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্র মাতৃ মৃত্যু রোধ করতে সক্ষম হয়েছে।
প্রতিবেদনে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা এবং মৌলভীবাজারে রাজনগর উপজেলার স্বাস্থ্য সেবার তুলনামূলক পর্যালোচনায় দেখানো হয়েছে, স্থানীয় সরকারের অংশগ্রহণের কারণে তুলনামূলক দরিদ্র অঞ্চল সাটুরিয়ায় স্বাস্থ্য সেবার মান উন্নত।
