২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক শিল্পের রুগ্ণ প্রতিষ্ঠানগুলোকে পুনর্বাসনের আহ্বান

পোশাক শিল্পের রুগ্ণ প্রতিষ্ঠানগুলো পুনর্বাসনের জন্য ঋণপত্র খোলার সুবিধাসহ সাত দফা দাবি বাস্তবায়ন করতে শিল্প উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছে বিজিএমইএ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2007, 09:24 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) রুগ্ণ শিল্প স্থায়ী কমিটির সভাপতি আবু বকরের নেতৃত্বে ৭ সদস্যের একটি  প্রতিনিধি দল মঙ্গলবার শিল্প উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরীর সঙ্গে দেখা করে এ আহ্বান জানায়।

উপদেষ্টা বলেন, শিল্প মন্ত্রণালয়ের একক সিদ্ধান্তে রপ্তানিমুখী রুগ্ণ পোশাক শিল্প পুর্নবাসন করা সম্ভব নয়। এ ক্ষেত্রে বাণিজ্য ও অর্থ মন্ত্রণালয় জড়িত।

তিনি বলেন, পোশাক শিল্প দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। তাই এ ব্যাপারে সহায়তার জন্য অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলামকে তিনি অনুরোধ জানাবেন।”

বিজিএমইএ নেতৃবৃন্দ অবিলম্বে বাণিজ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ২৭০টি রুগ্ণ পোশাক শিল্প কারখানাকে ব্যাক টু ব্যাক ঋণপত্র খোলার সুবিধা দান, অর্থ ঋণ আদালতের আওতামুক্ত করা এবং সুদ মওকুফ করে মূল ঋণ ব্লক অ্যাকাউন্টের আওতায় রেখে ১০ বছরের জন্য পুণঃতফসিলের দাবি জানান।    

রুগ্ণ শিল্প স্থায়ী কমিটির যুগ্ম চেয়ারম্যান এইচএমএম আলম রুগ্ণ কারখানাগুলোর  সার্বিক অবস্থা সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করেন।

বিজিএমইএ নেতৃবৃন্দ জানান, দেশে বন্ধ থাকা ১৯০০ রপ্তানিমুখী পোশাক কারখানার অবস্থা জরিপ করে ২০০৫ সালের ২০ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রনালয় ২৭০টি প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে পূনর্বাসনের সুপারিশ করে।

উল্লেখ্য ২০০৬ সালের ২৯ নভেম্বর সাবেক তত্ত্বাবধায়ক সরকার রুগ্ণ পোশাক শিল্প পুনর্বাসনের জন্য বাণিজ্য সচিবের নেতৃত্বে ৯ সদস্যের কমিটি গঠন করে। এই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে গত ৬ ডিসেম্বর বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংককে রুগ্ণ শিল্পগুলো পুনর্বাসনের নির্দেশনা দিয়েছে।