ঢাকা থেকে পোশাক কারখানা সরিয়ে নিতে চুক্তি করছে বিজিএমইএ
ঢাকা থেকে তৈরি পোশাক কারখানা স্থানান্তরের বিষয়ে পরিবেশ অধিদপ্তরের সঙ্গে অচিরেই চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
সোমবার পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বিজিএমইএ এর এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজিএমইএ --এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় ঢাকা থেকে পোশাক শিল্প কারখানা স্থানান্তরে যথাযথ উদ্যোগ গ্রহণের জন্য বিজিএমইএ ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। অচিরেই এ বিষয়ে একটি সমঝোতা স্মারক সাক্ষরিত হবে।
সভায় বিজিএমইএ সভাপতি এস এম ফজলুল হক বলেন, ঢাকা থেকে সব গার্মেন্টস কারখানা স্থানান্তর করতে কমপক্ষে পাঁচ বছর সময় প্রয়োজন।
তিনি আরও বলেন, পোশাক কারখানাগুলো ঢাকা থেকে সরিয়ে নেওয়া প্রয়োজন মনে করে বিজিএমইএ। তবে রাতারাতি এটি সম্ভব নয় এবং এর জন্য যথেষ্ট অর্থ প্রয়োজন।
পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার রাশেদুল হক বলেন, পোশাক কারখানা তৈরির ক্ষেত্রে পরিবেশ রক্ষায় বাজেট বরাদ্দ রাখা উচিত। বেশ কিছু পোশাক কারখানায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। তাদের ছাড়পত্র নিতে হবে।
সভায় বিজিএমইএ দ্বিতীয় সহ--সভাপতি মো. লৎফর রহমান (মতিন), সচিব মো ফসিহুর রহমান, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মোস্তফা কামাল ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।
