ইপিজেড শ্রমিকদের বেতন ও সুবিধা বেড়েছে: বেপজা চেয়ারম্যান
এ বছরের জানুয়ারি মাস থেকে রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (ইপিজেড) শ্রমিকদের বেতন ও কমপ্লায়েন্সসহ চাকরির অন্যান্য সুবিধা বেড়েছে বলে দাবি করেছে এর তত্ত্বাবধানকারী সংস্থা বেপজা।
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল আশরাফ আবদুল্লাহ ইউসুফ বৃহস্পতিবার নফহবংি২৪.পড়স কে বলেন, “ছয় মাস চেষ্টার পর বেতন কাঠামোর পরিবর্তন ছাড়াই আমরা গত মাস থেকে ঢাকা ও চট্টগ্রাম ইপিজেড শ্রমিকদের বেতন ও অন্যান্য সুবিধা বাড়তে সক্ষম হয়েছি।”
তবে অনেক শ্রমিকই বলেছেন প্রকৃতপক্ষে তাদের বেতন বাড়েনি। যে সব কোম্পানি এতদিন বেপজার বেতন কাঠামো অনুসরণ করেনি তারা তা মেনে চলতে শুরু করায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে মাত্র।
বেপজা সূত্র জানায়, ঢাকা ও চট্টগ্রাম ইপিজেডের বিভিন্ন কারখানার শ্রমিকদের গত জুলাই মাসের বেতনের সঙ্গে জানুয়ারি মাসের তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়, দুই ইপিজেডে কোম্পানিগুলো বেতন বাড়িয়েছে যথাক্রমে ৫ কোটি ৮৭ লাখ টাকা ও ৩ কোটি ১৪ লাখ টাকা। সেখানে শ্রমিকদের কমপ্লায়েন্সসহ চাকরির অন্যান্য শর্ত ও সুবিধার উন্নতি হয়েছে ৬৫ শতাংশ।
ব্রিগেডিয়ার জেনারেল আশরাফ বলেন, “বেপজার নির্দেশনা অনুযায়ী শ্রমিকদের কমপ্লায়েন্সসহ বেতন ও চাকরির অন্যান্য সুবিধা না দেওয়ায় অনেক কোম্পানির পণ্য আমদানি সুবিধা সাময়িক বন্ধ রাখা হয়েছে।”
তিনি দাবি করেন, “বেপজা নিদের্শনা অনুসারে অতীতে কার্যক্রম পরিচালিত হয়নি এমন সব কারখানায় বেতন বা অন্যান্য সুবিধা বেড়েছে।”
ঢাকা ইপিজেড শ্রমিকরা আগের চেয়ে চাকরি ক্ষেত্রে পরিবেশগত উন্নয়ন হয়েছে বলে স্বীকার করে জানান, কমপ্লায়েন্সসহ চাকরির অন্যান্য সুবিধা বাড়লেও বেতন বাড়েনি। একমাত্র ডলারের ভিত্তিতে বেতন বাড়লেই শ্রমিকের প্রকৃত বেতন বাড়বে।
ঢাকা ইপিজেডের হোপলুন কোম্পানির শ্রমিক ফুলমতি বলেন, “আমাদের বেতন বাড়েনি তবে সুপারভাইজারা সম্প্রতি ওভারটাইম হিসেবে বিশেষ সুবিধা পাচ্ছেন।”
তিনি বেতন কাঠামো পরিবর্তনের দাবি জানান। ফুলমতি স্বীকার করেন, আগের তুলনায় কারখানা ব্যবস্থাপকদের আচরণ ভাল হয়েছে। এমনকি শ্রমিকদের বিনা কারণে সর্তকীকরণ চিঠি দেওয়া কমেছে।
সূত্র জানায়, জানুয়ারি মাসে ঢাকা ইপিজেডের ওটিএল ডাবল গ্লু কোম্পানির শ্রমিকদের গড় বেতন ৩৭৪০ টাকা ও ভেনিটাস কনজুমার প্রডাক্ট সার্ভিস লিমিটেডের ৩৬০২ টাকা করে বেড়েছে। এ দুটি কোম্পানিতে আগে বেপজার বেতন কাঠামো অনুসরণ করা হতো না।
অন্যদিকে, আগে থেকেই বেতন কাঠামো মেনে চলায় প্যাক্সার বাংলাদেশ লিমিটেডের মতো কোম্পানির শ্রমিকদের বেতন নতুন করে বাড়েনি।
প্রসঙ্গত, ঢাকা ইপিজেডে গত বছরে ১৮ জুন বেতন কাঠামো ও কমপ্লায়েন্সসহ চাকরির অন্যান্য শর্ত ও সুবিধা বাড়ানোর দাবিতে আন্দোলনে নামেন শ্রমিকরা।
