ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিদেশগামী শ্রমিকদের দ্রুত পাঠাতে 'ওপেন স্কাই পলিসি'র সময়সীমা আরও একমাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত যে কোনো এয়ারলাইন্সের জন্য বাংলাদেশের আকাশসীমা উন্মুক্ত থাকবে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব ফাহিম মুনেম রোববার সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি জানান, বেশ কয়েকটি এয়ারলাইন্সের আগ্রহের পর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে সরকার ভিসাপ্রাপ্ত শ্রমিকদের দ্রুত বিদেশে পাঠাতে প্রথম দফায় অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর -- এই তিন মাসের জন্য ওপেন এয়ার পলিসি চালু করে।
এদিকে গত বৃহস্পতিবার এক মত বিনিময় সভায় মালয়েশীয় বিমান পরিবহন সংস্থা এয়ার এশিয়া এক্স আরও তিন মাস ওপেন এয়ার পলিসির সময় সীমা বাড়ানোর দাবি জানায় ।
ওই মতবিনিময় সভায় জানানো হয়, ভিসা থাকার পরও মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যগামী বহু সংখ্যক বাংলাদেশী শ্রমিক ফ্লাইট সঙ্কটের কারণে দেশে আটকা পড়েন। সঙ্কট কাটাতে বাংলাদেশ সরকার অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাস ওপেন স্কাই পলিসি গ্রহণ করে। এ সুযোগ নিয়ে জিএমজি এয়ারলাইন্স, এয়ার এশিয়া এক্স, এয়ার অ্যারাবিয়া ও রাক এয়ারওয়েজ তাদের ফ্লাইট সংখ্যা বাড়িয়ে দেশ থেকে শ্রমিক পরিবহন শুরু করে।
সভায় আরো জানানো হয়, মালয়েশিয়াগামী প্রায় পাঁচ লাখ শ্রমিকের মধ্যে এয়ার এশিয়া এক্স প্রায় তিন লাখ শ্রমিককে কুয়ালালামপুর পৌঁছে দিয়েছে। কিন্তু আরও প্রায় দুই লাখ মালয়েশিয়াগামী এবং প্রায় এক লাখ দুবাইগামী শ্রমিক এখনও যেতে পারেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি/ বিআর/এমএ/২০৫২ ঘ.
bdnews24